বন্দরে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় যুবক গ্রেফতার
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২২, ০৬:৪৫ পিএম
বন্দরে এক স্কুলছাত্রীকে (১৫) অপহরণের পর ধর্ষণের অভিযোগে করা মামলায় শহিদুল ইসলাম জনী (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গত রোববার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ফতুল্লার কুতুবআইল কাঠেরপুল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে ওই এরাকার হাজী আব্দুল করিম মিয়ার ছেলে।
মামলার বরাতে পুলিশ জানায়, গত ১৯ জানুয়ারি কয়েকজন সহযোগী নিয়ে বন্দরের এক স্কুলছাত্রীকে অপহরণ করে আসামি শহিদুল ইসলাম। পরে তাকে ধর্ষণ করে। এ ঘটনায় থানায় মামলা দায়ের হলে মামলার তদন্তকারী কর্মকর্তা বন্দর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মিজানসহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে গত ৯ ফেব্রুয়ারি ফতুল্লা এলাকায় অভিযান চালিয়ে স্কুলছাত্রীকে উদ্ধার করে।
এসআই মিজান জানান, স্কুলছাত্রীর দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৩ ফেব্রুয়ারি রাতে ফতুল্লা থানা এলাকা থেকে আসামি শহিদুলকে গ্রেফতার করা হয়। সোমবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়।


