নির্মাণসামগ্রী খোলা অবস্থায় রাখায় জরিমানা ও ক্ষতিপূরণ
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২২, ০৭:০২ পিএম
নারায়ণগঞ্জে নির্মাণ সামগ্রী (পাথর, বালু এবং কয়লা) খোলা অবস্থায় মজুদ ও পরিবহন করে পরিবেশ দূষণ করায় দায়ে পরিবেশ অধিদপ্তর কর্তৃক এনফোর্সমেন্ট ও মোবাইল কোর্ট পরিচালনা করে এক প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ও ১০ লাখ টাকা ক্ষতিপূরণ ধার্য্য করা হয়েছে। ব্রাহ্মণখালী, কাঞ্চন, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ ঠিকানায় অবস্থিত এস আর এন্টারপ্রাইজ নামক প্রতিষ্ঠানে এই অভিযান পরিচালনা করা হয়।
মঙ্গলবার পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং এর পরিচালক মোহাম্মদ মাসুদ হাসান পাটোয়ারী এর নেতৃত্বে এবং জেলা পুলিশ নারায়ণগঞ্জ এর সহায়তায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলে। পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল্লাহ আল মামুন জানান, প্রতিষ্ঠানটি খোলা আকাশের নিচে উন্মুক্ত অবস্থায় বালি, পাথর এবং কয়লা রাখায় কারণে তা বায়ুমণ্ডলে ছড়িয়ে বায়ু দূষণ ঘটাচ্ছিল।
এছাড়াও উক্ত প্রতিষ্ঠান কর্তৃক খোলা ট্রাকে কাভার্ড বিহীন অবস্থায় মালামাল পরিবহন করে বায়ু দূষণ ঘটাচ্ছিল বিধায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। তাৎক্ষণিকভাবে এই প্রতিষ্ঠান থেকে ১ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়। পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তর মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং এর পরিচালক এ বিষয়ে তাৎক্ষণিকভাবে উক্ত প্রতিষ্ঠানের মালিকের শুনানি গ্রহণ করেন।
শুনানি গ্রহণান্তে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) এর ধারা-৭ এর আলোকে বায়ু দূষণের মাধ্যমে পরিবেশ ও প্রতিবেশগত ক্ষতি সাধনের জন্য তাৎক্ষনিকভাবে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ ধার্য ও আরোপ করা হয়। ক্ষতিপূরণ বাবদ ধার্য্যকৃত উক্ত অর্থ আগামী ১৭ ফেব্রুয়ারির মধ্যে বাংলাদেশ সরকারের অনুকূলে মহাপরিচালক, পরিবেশ অধিদপ্তর, ঢাকা বরাবরে ডিমান্ড ড্রাফট/পে অর্ডার মূলে জমাদান এবং আগামী ২৪ ফেব্রুয়ারির মধ্যে প্রতিষ্ঠানের যাবতীয় কার্যক্রম বন্ধ করত মালামাল সরিয়ে নেয়ার নির্দেশ প্রদান করা হয়। অভিযানে পরিবেশ অধিদপ্তর,
সদর দপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং এর বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট কাজী তামজীদ আহমেদ, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মির্জা আসাদুল কিবরীয়া, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শেখ মোজাহীদ ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।


