বন্দরে লঞ্চের ধাক্কায় বাল্কহেড ডুবে নিখোঁজ ১
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২২, ০৮:২৭ পিএম
বন্দরে বাল্কহেড দুর্ঘটনায় নিখোঁজ শ্রমিক মোতালেব (৫৫)‘র উদ্ধার অভিযান চালাচ্ছে নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজের সন্ধান পাওয়া যায়নি।
কলাগাছিয়া নৌপুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) উদয় বরণ সরকার জানান, ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে যাচ্ছিলো যাত্রীবাহী লঞ্চ সুরভী-৭। পথে রাত পৌনে ১১টার দিকে লঞ্চটি বন্দর কলাগাছিয়ার চরকিশোরগঞ্জ এলাকায় পৌঁছালে চাঁদপুর থেকে ঢাকার ডেমরাগামী বালুবাহী বাল্কহেডকে ধাক্কা দেয়। এতে ৬ শ্রমিকসহ ডুবে যায় বাল্কহেডটি। তাদের মধ্যে ৪ জন সাঁতরে তীরে যায় ও একজন অপর একটি লঞ্চে ওঠেন।
তবে নিখোঁজ রয়েছেন একজন। নিখোঁজ শ্রমিকের সন্ধানে ডুবুরি দল কাজ করেছে। জানা যায় দুর্ঘটনা কবলিত লঞ্চটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে লঞ্চে থাকা যাত্রীদের নিরাপদে অপর আরেকটি লঞ্চে গন্ত্যব্যে পাঠানো হয়েছে। দুর্ঘটনার বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।


