সিদ্ধিরগঞ্জে স্কুলের জায়গায় দোকান নির্মাণ করে ভাড়া
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২২, ০৮:০৯ পিএম
সিদ্ধিরগঞ্জে আদমজীনগর এম. ডব্লিউ উচ্চ বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সীমানা ও ফটকের দুই দিকের জায়গা দখল করে গড়ে উঠেছে অসংখ্য দোকান-পাট। আর এসব দোকান ভাড়া দিয়ে দৈনিক ও মাসিক চাঁদা উত্তোলণের অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে। যাদের অবৈধ জায়গা উদ্ধার করে দেয়ার কথা তারাই স্কুলের বাউন্ডারী ওয়াল ও গেইটের জায়গা ভোগদখল করে দোকান ভাড়া দিচ্ছে। বিষয়টি নিয়ে বিপাকে স্কুল কর্তৃপক্ষ।
জানা যায়, সিদ্ধিরগঞ্জ এলাকার ব্যস্ততম জায়গায় অবস্থিত আদমজীনগর এম. ডব্লিউ উচ্চ বিদ্যালয় এবং ৯৪ নং সরকারি আদমজীনগর প্রাথমিক বিদ্যালয়। স্কুল দুটিকে ঘিরে তৈরী হয়েছে মার্কেট ও হাট-বাজার। প্রধানতম রাস্তার দক্ষিনে অবস্থিত স্কুলের রাস্তা সংলগ্ন সীমানায় অবৈধভাবে দখল করে নিয়েছে নারায়ণগঞ্জ সিটি করপারেশন নাসিক ৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মরহুম আলী হোসেন আলার একটি প্রভাবশালী চক্র।
তারা হচ্ছে সবুর, মোস্তফা, সাগর, নুরুল প্রধানসহ আরো বেশ কয়েকজন। এই জায়গায় মোটা অংকের জামানত নিয়ে ১৬টি দোকানঘর নির্মাণ করা হয়েছে। তোলা হচ্ছে মাসিক ভাড়া।এম. ডব্লিউ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা রওশন আরা জানান, সাবেক কাউন্সিলর মরহুম আলী হোসেন আলা রাস্তা প্রশস্তের কথা বলে বাউন্ডারি ভেঙ্গে স্কুলের পাশে দোকানঘর নির্মাণ করে ভাড়া দিয়ে দেয়।
প্রভাবশালী হওয়ার কারণে স্কুল কমিটি মুখ খুলতে সাহস পায়না। বর্তমানে আলী হোসেন আলার অনুশারীদের দখলে রয়েছে এই দোকানগুলো। ওই দোকান থাকায় শ্রেণীকক্ষে কোন আলো আসে না। এছাড়াও দোকানঘরে সারাক্ষণ শোরগোল থাকে, এমনকি এই স্কুলে পরিক্ষা চলাকালিন সময় এখানে কোন শিক্ষার্থীর অভিভাবক দাড়ানোর মত পরিবেশ থাকেনা।
অভিভাবক আবু সিদ্দিক বলেন, স্কুলের সামনে অবৈধ দোকান থাকায় স্কুলের সৌন্দর্য্য নষ্ট হয়ে আছে। আমরা এলাকাবাসী নব-নির্বাচিত কাউন্সিলর মিজানুর রহমার রিপনের কাছে প্রত্যাশা করবো, অবৈধ দোকান তুলে এখানের রাস্তা প্রশস্ত করা হোক। তাহলে স্কুলের সৌন্দর্য ফিরে আসবে এবং পড়ালেখার মানও বাড়বে।


