বন্দরে নির্মাণ শ্রমিকের করুণ মৃত্যু
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২২, ১১:৫৬ পিএম
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বন্দরের ২১ নম্বর ওয়ার্ডে একটি পাঁচতলা ভবনের পাইলিং করার সময় লাল চাঁন নামক এক নির্মাণ শ্রমিকের করুণ মৃত্যুর ঘটনা ঘটেছে। ২০ ফেব্রুয়ারি রোববার বিকেল সাড়ে তিন টার দিকে বন্দরের রূপালী এলাকায় ঘটনাটি ঘটে। লাল চাঁন ময়মনসিংহ জেলার ধোবাউড়া থানার ইমান আলীর ছেলে।
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, রূপালী এলাকার স্থানীয় মনির মিয়ার পাঁচতলা ভবনের পাইলিংয়ের কাজ করার সময় হটাৎ পাইলিং মেশিনের ভিতরে লাল চাঁন মিয়ার একটি হাত ভিতরে ঢুকে গিয়ে শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং সে মাটিতে পড়ে যায়। এ সময় অন্যান্য শ্রমিকরা তাকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে খানপুর হাসপাতালে নিলে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলে। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় পঙ্গু হাসপাতালে নিয়ে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে তিন টার দিকে মারা জানান তিনি।
এ ব্যাপারে বন্দর থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহার সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এক হাত ছিঁড়ে পাইলিং ম্যাশিনের ভিতরে রয়ে গেছে। হাতটি উদ্ধারের জন্য কাজ চলছে, উদ্ধারের বিষয়টি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
এঘটনার পর থেকেই বাড়ির মালিক মনির হোসেন পলাতক রয়েছে বলে জানা গেছে।


