নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় বিসিক শিল্প নগরীর রপ্তানীমুখি পোশাক কারখানা অটোমেশন নিটওয়্যারে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। সোমবার (২১ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, বেলা সাড়ে চারটায় ফ্যাক্টরির ষষ্ঠ তলায় কাটিং সেকশনে আগুন লাগে। আগুন লাগার অল্প কিছুক্ষনের মধ্যে খবর পেয়ে বিসিক ফায়ার ব্রিগেড, হাজীগঞ্জ ও মন্ডলপাড়া ফায়ার ব্রিগেডের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌছায়।
প্রতিষ্ঠানের ফায়ার সেফটি ডোর বন্ধ থাকায় তাদের কিছুটা অসুবিধা হয়। বিকল্প পথে ভেতরে ঢুকে তারা চারটা পঞ্চাশ মিনিটে প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ তদন্তের পরে বলা যাবে বলে তিনি জানান। প্রতিষ্ঠানটির মালিক এমদাদুল হক। একুশে ফেব্রুয়ারি উপলক্ষে প্রতিষ্ঠানটি বন্ধ থাকায় প্রতিষ্ঠানে কোনো শ্রমিক ছিল না।
এ কারণে কোন হতাহতের খবর পাওয়া যায়নি। অটোমেশন গার্মেন্টস এর প্রোডাকশন ম্যানেজার বাবুল মিয়া জানান, বিকেল সাড়ে চারটার দিকে ফ্যাক্টরির ছয়তলার বিদ্যুতের বোর্ড থেকে একটি বিকট শব্দে হয়ে আগুন ধরে যায়।
তার পরেই ভবনের বিভিন্ন জানালা দিয়ে ধোঁয়া বের হতে থাকে। নিরাপত্তা কর্মীরা ফায়ার সার্ভিস ও মালিকপক্ষের লোকজনকে জানায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভাতে শুরু করে।


