ফতুল্লায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ২ জনের মৃত্যু
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২২, ০৬:২০ পিএম
ফতুল্লায় গ্যাসের সিলিন্ডার থেকে গ্যাস অপসারণ করার সময় সিগারেটের আগুন থেকে অগ্নিকান্ডের ঘটনায় নারী-শিশু সহ দগ্ধ হওয়া ১১ জনের মধ্য দুই জনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন জজ মিয়া (৫৫) ও আলম ড্রাইভার (৪৫)। রোববার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত বারোটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ড্রাইভার আলম এবং পরে সোমবার (২১ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে জজ মিয়া মৃত্যুবরণ করেন।
অগ্নিদগ্ধ আসমা ও হাফসার অবস্থা আশংকাজনক বলে জানা যায়। বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান। নিহত জজ মিয়া আলীগঞ্জ এলাকার মজিবর রহমানের ছেলে ও একই এলাকার ড্রাইভার আলম শুক্কুর মিয়ার ছেলে। এর আগে রোববার (২০ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে গ্যাসের সিলিন্ডার গ্যাস অপসারণ করার সময় সিগারেটের আগুন থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
এতে ১১জন দগ্ধ হয়। দগ্ধরা হলেন ফতুল্লা থানার আলীগঞ্জের জজ মিয়া (৫৫), তার স্ত্রী শেফালী (৪৫), বাতেন (৫০), তার স্ত্রী আমেনা বেগম (৪২), পুত্র তোহা (১৪), ট্রাক চালক (৩৮), হাসিনা বেগম (৪০), আব্দুর রহমানের মেয়ে হাফসা (৬), আফসানা (২), আব্দুল মালেকর মেয়ে তাহমিনা (১৫) ও সাথী (৩৪)।
প্রতক্ষ্যদর্শীদের বরাত দিয়ে ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক নজরুল ইসলাম জানায়, শনিবার দিবাগত রাত একটার দিকে বাতেন মিয়া একটার দিকে বড় গাড়ীর একটি পুরাতন গ্যাসের সিলেন্ডার জজ মিয়ার বাড়ীর সামনের রাস্তায় এনে রাখে। সেই গ্যাস সিলেন্ডার থেকে রোববার (২০ ফেব্রুয়ারি) দুপুর একটার দিকে বাতেন গ্যাস অপসারন করে সিলেন্ডারটি খালি করছিলো।
এমন সময় অপর একটি গাড়ীর চালক আলম ঘটনাস্থলে এসে সিগারেট জ্বালায়। বাতাসের সাথে মিশে যাওয়া গ্যাসের সাথে সিগারেট আগুন মূহুর্তেই ছড়িয়ে পরে। এত করে উপস্থিত সকলেই দগ্ধ হয়।


