রূপগঞ্জে চার ইটভাটাকে সাড়ে ১৪ লাখ টাকা জরিমানা
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২২, ০৬:৩০ পিএম
রূপগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযানে চার ইটভাটাকে সাড়ে ১৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত উপজেলার ডহরগাঁও, সাওঘাট, ভুলতা ও মাহনা এলাকায় এ অভিযান চলে। সদরদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাঈদা পারভীনের নেতৃত্বে অভিযানে আরও উপস্থিত ছিলেন
পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক আব্দুল্লাহ আল মামুন ও সহকারী পরিচালক শেখ মোজাহীদ, মো. মোবারক হোসেনসহ জেলা পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সমন্বয়ে গঠিত একটি টীম। জরিমানা করা ইটভাটাগুলো হলো: রূপগঞ্জের ডহরগাঁও এলাকার মেসার্স নিউ জেনারেশন ক্লে ব্রিকস, ভুলতা এলাকার মেসার্স ইসলাম ব্রাদার্স ব্রিক ফিল্ড, মেসার্স এস রহমান ব্রিকস-৩ ও মাহনা এলাকার মেসার্স নূর মদিনা ব্রিকস।
উপপরিচালক আব্দুল্লাহ আল মামুন জানান, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯) এর বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে ইটভাটাগুলো হতে তাৎক্ষণিকভাবে জরিমানা হিসেবে ১৪ লক্ষ ৫০ হাজার টাকা আদায় করা হয়েছে। পরিবেশ সুরক্ষায় অবৈধভাবে পরিচালিত পরিবেশ দূষণকারী ইটভাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।


