সোনারগাঁয়ে বিএনপি বাঁচাতে বিক্ষোভে দুই নেতার কুশপুত্তলিকা দাহ
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২২, ০৬:২৪ পিএম
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে বাঁচাতে বিক্ষোভ মিছিল করেছে মান্নান ও মোশারফের আহবায়ক কমিটি থেকে বাদ পড়া সোনারগাঁ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের নেতাকর্মীরা। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের লাদুরচর এলাকায় বিএনপির নেতাকর্মীরা নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির ব্যানারে এ বিক্ষোভ মিছিলটি করেন।
এসময় কমিটি থেকে বাদ পড়া নেতা ও কর্মী সমর্থকরা বিক্ষোভ মিছিলে ঝাড়ু ও জুতা প্রদর্শন করে বিতর্কিত মান্নান ও মোশারফ দুই নেতার কুশ পুত্তলিকা দাহ করেন। দলীয় সূত্রে জানা গেছে, বিগত ২৫ জানুয়ারী সোনারগাঁ থানা বিএনপির আহবায়ক কমিটি গঠন করা হয়। বিএনপির আহবায়ক কমিটি ঘোষণার পর থেকে গঠন করা এই কমিটিরই একটি অংশ কমিটির বিরুদ্ধে অবস্থান নেয়।
তারা আজহারুল ইসলাম মান্নান ও মোশারফকে বয়কট করে পাল্টাপাল্টি অবস্থান নেয়। তাদের অভিযোগ, নারায়ণগঞ্জ জেলা নেতারা অর্থের বিনিময়ে মান্নান ও মোশারফকে দিয়ে কমিটি ঘোষণা করেছেন। এতে দলের অনেক ত্যাগী নেতারা বাদ পড়েছেন। আবার ইউনিয়ন কমিটি গঠনের সময়ও তারা স্বজন প্রীতি করছেন।
তাদের নিজস্ব লোক ও চাটুকারদের দলে ঠুকিয়ে বিএনপির ত্যাগী নেতাদের বাদ দিচ্ছেন। এতে করে দল সাংগঠনিক ভাবে দূর্বল হয়ে যাচ্ছে। আমরা চাই ইউনিয়ন কমিটিগুলো ভেঙ্গে নতুন করে ত্যাগী নেতাদের নিয়ে কমিটি গঠন করা হোক। এসময় তারা নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির নেতাদের নিয়ে কথা বলতে গিয়ে বলেন, মান্নান-মোশারফ নোয়াগাঁওয়ের মজিবুর রহমান ভূইয়া, নুর মিয়া মেম্বার
হাজী সাইফুল ইসলাম সহ নিবেদিত প্রান অনেক নেতাদের বাদ দিয়ে এবং যোগ্য নেতাদের যথাযথ মূল্যায়ন না করে সোনারগাঁ থানা ও ইউনিয়ন কমিটি গঠন করেছেন। সেজন্য তারা প্রতিবাদ জানিয়ে বিএনপি বাঁচাও আন্দোলনে নেমেছেন। বিক্ষোভ মিছিলের ব্যানারে তারা লিখেন বালু লেবার মান্নান ও সংস্কার পন্থী আওয়ামীলীগের দালাল বিএনপি খেকো মোশারফকে বিএনপিতে চাইনা।
বিক্ষোভ মিছিলে তারা ঝাড়ু ও জুতা প্রদর্শন শেষে বিতর্কিত দুই নেতার কুশপুত্তলিকা দাহ করে। এসময় তৃনমুলের কর্মীরা অবিলম্বে সোনারগাঁ থানা বিএনপি এবং নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির কমিটি বিলুপ্ত করে যোগ্য নেতাদের দিয়ে কমিটি গঠনের দাবি জানান।


