ফতুল্লায় মুন্না হত্যা মামলায় গ্রেফতার ১
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২২, ০৬:১২ পিএম
ফতুল্লায় ছুরিকাঘাতে স্পিনিং মিলের শ্রমিক মুন্না হত্যার ঘটনায় জয় (২২) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাতে ফতুল্লার রেল স্টেশনের জোড়পুল এলাকা থেকে শামিম ওরফে জয় ওরফে পিচ্চি জয়কে (২২) গ্রেফতার করে ফতুল্লা মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃত শামীম দাপা ইদ্রাকপুর রেলস্টেশন এলাকার আব্দিল হাই ওরফে ফাডার ছেলে।
এর আগে ওইদিন সকালে রাবিক নামে একজনকে গ্রেফতার করা হয়। মুন্না হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার পরিদর্শক (অপারেশন) মোজাম্মেল জানায়, গ্রেফতারকৃত শামীম ওরফে জয় ও রাকিবকে মুন্না হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে বৃহস্পতিবার গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত জয়কে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য যে, বুধবার (২৩ফেব্রুয়ারি) ভোর ছয়টার দিকে ফতুল্লা পোস্ট অফিস রোডের এশিয়ান কক্স টায়ার মিলসের ৫ নং গেইটের সামনের রাস্তায় হাজী জালাল আহম্মেদ স্পিনিং মিলের শ্রমিক মুন্না (১৬) কে ছুরিকাঘাত হত্যা করে দূর্বৃত্তরা। এ ঘটনায় নিহতের মা শাহিদা বেগম বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করে।


