কাশীপুরে রিকশাচালকের আত্মহত্যা
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২২, ০৬:১৩ পিএম
সদর উপজেলার কাশীপুরে মধ্যবয়সী এক রিকশাচালক গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। গত শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) রাতে কাশীপুর বাংলাবাজার এলাকার বিশ্বাসবাড়ির ভাড়াটিয়া বাসায় আত্মহত্যা করেন তিনি। নিহতের নাম মনির ঢালী (৪০)। পেশায় রিকশাচালক মনির দুই ছেলে ও স্ত্রীকে নিয়ে বাংলাবাজার এলাকার লুৎফর বিশ্বাসের বাড়ির একটি কক্ষে ভাড়া থাকতেন।
ময়নাতদন্ত শেষে মনিরের মরদেহ বরিশালের উজিরপুর থানার নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাকে দাফন করা হয়েছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। নিহতের পরিবারের লোকজন ও প্রতিবেশিরা জানান, মনিরের স্ত্রী তাহমিনা নারায়ণগঞ্জ শহরের ১ নম্বর রেলগেইট এলাকায় একটি হোসিয়ারি কারখানায় কাজ করেন।
শুক্রবার ছুটির দিন হলেও কাজ থাকায় তিনি কারখানায় ছিলেন। সন্ধ্যার পর বাসায় ফিরে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখে ধাক্কাধাক্কি করেও ভেতর থেকে কেউ না খোলায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। পরে ভেতরে মনির ঢালীর ঝুলন্ত দেহ দেখতে পান। স্থানীয়রা পুলিশে খবর দিলে মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
নিহতের কিশোর ছেলে মুন্না জানায়, সন্ধ্যায় শরীর ভালো লাগছিল না বলে জানিয়েছিল তার বাবা মনির ঢালী। মুন্নাকে পাশের বাসায় টিভি দেখতে পাঠিয়ে নিজের ঘরের বাতি বন্ধ করে শুয়েছিলেন তিনি। স্থানীয় লোকজন জানান, মনির ঢালী শান্ত স্বভাবের লোক ছিলেন। কী কারণে তিনি আত্মহত্যা করেছেন সে সম্পর্কে কোন ধারণা নেই তাদের। একই কথা জানিয়েছেন নিহতের পরিবারের লোকজনও।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুজ্জামান জানান, কারও কোন প্রকার অভিযোগ না থাকায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। স্বাভাবিক প্রক্রিয়া অনুযায়ী ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।


