ফতুল্লায় গেমস খেলতে না পেরে কিশোরের আত্মহত্যা
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২২, ০৬:২৭ পিএম
ফতুল্লায় মোবাইল ফোনে গেমস খেলতে না দেয়ায় মায়ের সাথে অভিমান করে মেহেরাজ ইসলাম শাওন (১৭) নামে এক কিশোর আত্মহত্যা করেছে। শনিবার (২৬ফেব্রুয়ারি) সকালে ভুইগড় গিরিধারার আলামীন টাওয়ারের আট তলা বাসায় এ ঘটনা ঘটে। নিহত মেহেরাজ ইসলাম শাওন লক্ষিপুর জেলার রায়পুর থানার রায়পুর গ্রামের আ. রাজ্জাকের ছেলে।
নিহতের মায়ের বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার উপ পরিদর্শক বোরহান জানান, নিহত মেহেরাজ ইসলাম শাওন ঢাকার যাত্রাবাড়ীতে অবস্থিত তামিল মিল্লাত মাদ্রাসার দাখিল বিভাগের আবাসীক ছাত্র। মাঝে মাঝে সে ফতুল্লার ভুইগড়ে বাবা-মায়ের কাছে নিজ বাসায় আসতো। গত কয়েকদিন পূর্বে সে মাদ্রাসা থেকে বাসায় আসে। প্রতিদিনই সে তার মায়ের মোবাইল ফোনে গেমস খেলত।
শুক্রবার রাতেও সে গেমস খেলার জন্য তার মায়ের কাছে মোবাইল ফোন চায়। তার মা মোবাইল ফোন না দিয়ে তাকে নিজ ঘরে গিয়ে ঘুমিয়ে যেতে বলে। পরে শনিবার সকাল সাড়ে সাতটার দিকে মেহেরাজ ইসলাম শাওনকে তার নিজ ঘরে ডাকতে গেলে ঘরের সিলিং ফ্যানের সাথে গলায় গামছা পেঁচানো ঝুলন্ত অবস্থায় পায়। পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের নামিয়ে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে পাঠায়।


