বন্দরের কুড়িপাড়ায় ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২২, ০৪:৩৮ পিএম
বন্দর থানার (নাসিক ২৭নং ওয়ার্ডের) কুড়িপাড়া এলাকায় মামা ভাগিনা এন্টারপ্রাইজের কর্ণধার মোঃ ফারুকের ওয়েস্টেজ (ঝুট) এর গোডাউনে রবিবার সকাল আনুমানিক সাড়ে ৬টায় আগুন লাগে এবং এতে গোডাউনে থাকা ৩৫-৪০ লক্ষ টাকার ঝুট পুড়ে গেছে বলে জানা গেছে। তাছাড়া গোডাউনের দক্ষিণ পাশে রাজা মিয়ার মালিকানাধীন ভাড়া বাসার ৬ কক্ষবিশিষ্ট ১টি টিনের ঘর সম্পূর্ণ পুড়ে গেছে।
তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। এ বিষয়ে বন্দর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল্লাহ হোসেন জানান, 'খবর পেয়ে সকাল ৭টায় আমরা বন্দর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট অগ্নিকান্ডস্থলে উপস্থিত হই এবং পানির উৎস সহজলভ্য ছিলো বিধায় মাত্র ১০ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।
যেহেতু গোডাউনে ঝুট ও প্লাস্টিক মালামাল ছিলো সেহেতু ডাম্পিং করতে প্রায় আড়াই ঘন্টা সময় লেগেছে। তদন্ত করে অগ্নিকান্ডের কারণ জানা যাবে'। নির্বাচনী আক্রোশ, ব্যবসায়িক ক্ষতিসাধন ও নাশকতার উদ্দেশ্য কেউ পরিকল্পিতভাবে এ আগুন লাগিয়েছে বলে ধারণা করছেন ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী মোঃ ফারুক। এ বিষয়ে তিনি বন্দর থানায় একটি সাধারণ ডায়েরী করবেন বলে জানিয়েছেন।


