সোনারগাঁয়ে এসএসসি পরিক্ষার্থীর আত্মহত্যা
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২২, ০৭:১৫ পিএম
সোনারগাঁয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিক বার ধর্ষণের অভিযোগে চিরকুট লিখে এক এসএসসি পরিক্ষার্থীর আত্মহত্যার অভিযোগ উঠেছে। সোমবার (২৮ফেব্রুয়ারি) সকালে উপজেলার মোগড়াপাড়া ইউনিয়নের ভাটিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সুবর্ণা মোগড়াপাড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ভাটিপাড়া এলাকার ইসমাঈল মিয়ার মেয়ে। সে কাইকারটেক উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরিক্ষার্থী ছিলেন।
নিহতের স্বজনরা জানায়, একই গ্রামের আবুল কালামের ছেলে ইমন দীর্ঘ ৫ বছর যাবত বিয়ের প্রলোভন দেখিয়ে সুবর্ণার সাথে অবৈধ সম্পর্ক স্থাপন করে। এ বিষয়ে সুবর্ণার পরিবার ইমনকে বিয়ের চাপ সৃষ্টি করলে সে বিয়ে করতে রাজি না হওয়ায় আজ সকালে বিষ পান করে সুবর্ণা আত্মহত্যা করে।
বিষপানের আগে তার মৃত্যুর জন্য ইমনকে দায়ী করে ৪ পাতায় একটি চিরকুট লিখে যায়। ঘটনার পর থেকেই অভিযুক্ত ইমন ও তার পরিবার পলাতক রয়েছে।
এ বিষয়ে সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ময়নাতদন্তের জন্য নিহতের লাশ নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


