বন্দর উপজেলার ধামগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেনকে কারাগারে প্রেরণ করেছেন আদালত। সোমবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে পুলিশের উপর হামলার অভিযোগে করা মামলায় আত্মসমর্পন করে জামিন আবেদন করলে আদালত তার নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী অ্যাড. জসিম উদ্দিন।
তিনি বলেন, দুপুরে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারহানা ফেরদৌসের আদালতে কামাল হোসেন আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আদালত জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। গত ১১ নভেম্বর ধামগড় ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ছিলেন কামাল হোসেন।
ভোটগ্রহণের মাত্র কয়েক ঘন্টা পূর্বে ১০ নভেম্বর দিবাগত রাতে ইউপি নির্বাচনের ভোটকেন্দ্র দখল নিয়ে পুলিশ ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায় পুলিশ বাদী হয়ে সরকারি কাজে বাধা দিয়ে হামলার অভিযোগে মামলা করে।
এই মামলায় কামাল হোসেনকেও আসামি করা হয়। এদিকে নির্বাচনী ফলাফলে দেখা যায়, কামাল হোসেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাসুম আহম্মেদকে পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি চেয়ারম্যান হিসেবে শপথও গ্রহণ করেছেন।


