ফতুল্লায় শ্রমিক হত্যায় জড়িত সন্দেহে গ্রেফতার ১
ফতুল্লা প্রতিনিধি
প্রকাশ: ০৪ মার্চ ২০২২, ০৭:৩০ পিএম
ফতুল্লায় স্পিনিং মিলের শ্রমিক মুছা ইবনে আলম ওরফে মুন্না (১৬) হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার সন্দেহে নাহিদুল ইসলা ওরফে কামরুল হাসান (২০) নামক আরো এক সন্দেহভাজন আসামী কে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। বুধবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ফতুল্লা থানার তক্কার মাঠ এলাকা থেকে নাহিদুল ইসলাম ওরফে কামরুল হাসান কে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃত কামরুল হাসান চাদঁপুর জেলার হাইমচর থানার হাইমচরের মাইনুদ্দিন পাটোয়ারী ওরফে হুমায়ুন কবির ওরফে জাহাঙ্গীরের পুত্র। তারা ফতুল্লা থানার তক্কারমাঠস্থ বড় বাড়ী এলাকায় স্ব-পরিবারে বসবাস করে। এর আগে গত বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে পুলিশ রাকিব নামক একজন কে এবং রাতে জয় ওরফে পিচ্চি জয় নামক অপর একজনকে সন্দেহভাজন আসামী হিসেবে গ্রেফতার করে পুলিশ।
মুন্ন্না হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার পরিদর্শক (অপারেশন) মোজাম্মেল জানায়,গ্রেফতারকৃত নাহিদুল ইসলাম ওরফে কামরুল হাসান কে মুন্না হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে বুধবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে তক্কার মাঠ এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।গ্রেফতারকৃত কে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত ২৩ ফেব্রুয়ারী ভোর ছয়টার দিকে পোস্ট অফিস রোডস্থ এশিয়ান কক্স টায়ার মিলসের ৫ নং গেইটের সামনের রাস্তায় হাজী জালাল আহম্মেদ স্পিনিং মিলের শ্রমিক মুন্না (১৬) কে ছুরিকাঘাত করে রক্তাক্ত জখম করে রাস্তায় ফেলে রেখে যায় দূর্বৃত্তরা।
পরে তাকে উদ্ধার করে শহরের জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা মুন্না কে মৃত ঘোষনা করে। এ ঘটনায় নিহতের মা শাহিদা বেগম বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করে।
নিহত মুছা ইবনে আলম ওরফে মুন্না ময়মনসিংহ জেলার সদর থানার বলাশপুর রোডের জাহিদুল আলমের পুত্র। মায়ের সাথে সে ফতুল্লা থানার রেল লাইন বটতলাস্থ সাইফুল ইসলামের বাসায় ভাড়ায় থাকতো এবং হাজী জালাল আহম্মেদ স্পিনিং মিলসে চাকুরী করতো।


