আড়াইহাজারে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনায় মামলা
আড়াইহাজার প্রতিনিধি
প্রকাশ: ০৪ মার্চ ২০২২, ০৭:৩৩ পিএম
আড়াইহাজারের বান্টি এলাকার ব্যবসায়ী রুহুল আমিন ভূঁইয়ার বাড়িতে ডাকাতির ঘটনায় মামলা রুজু করা হয়েছে। মামলায় ৮-১০জন অজ্ঞাত ডাকাত সদস্যকে আসামি করা হয়। গত বুধবার রাতে ক্ষতিগ্রস্ত ব্যক্তি বাদি হয়ে মামলা করেন। এজাহারে উল্লেখিত বিবরণ থেকে জানাযায়, ১মার্চ দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে তার বসতঘরের দক্ষিণপার্শ্বের দরজার লগ ভেঙে ৮-১০জনের মুখোশ পরিহিত একদল ডাকাত ভেতরে প্রবেশ করে।
তাদের হাতে থাকা দা, রামদা, ছুরি, চাপাতি ও পিস্তুল দিয়ে প্রথমে রুহুল আমিন, পরে তার স্ত্রী ও সন্তানকে জিম্মি করে পাশের একটি কক্ষে গামছা দিয়ে হাত ও পা বেঁধে ফেলে রাখে। পরে তারা ঘরে থাকা স্টীলের আলমারি ভেঙে ২৪ ভরি ওজনের বিভিন্ন ধরনের স্বর্ণালঙ্কার, নগদ ২ লাখ ৫০ হাজার টাকা এবং বিভিন্ন ব্র্যান্ডের ৪টি মোবাইল লুটে নেয়।
ওই রাতে বাড়িটিতে দীর্ঘসময় ধরে ডাকাত সদস্যরা তান্ডব চালায়। একই রাতে অন্যতিন বাড়িতে ডাকাতির ঘটলেও ক্ষতিগ্রস্তরা মামলা করেনি। আড়াইহাজার থানার ওসি তদন্ত সুরুজউদ্দিন মোবাইলে বলেন, বান্টি এলাকায় রুহুল আমিনের বাড়িতে ডাকাতির ঘটনায় মামলা হয়েছে। অন্যক্ষতিগ্রস্তরা মামলা দিতে চাইলে তা গ্রহণ করা হবে। ওসি আরও বলেন, ‘তবে তাদেরও ডাকা হয়েছিল। কিন্তু তারা মামলা করতে আসেনি।’


