নারায়ণগঞ্জ সদর উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে ইব্রাহীম (১৭) নামের এক কিশোরকে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত পারভীন ও ইয়াসিন নামের দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (৪ মার্চ) সন্ধ্যায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের বিরোধের জের ধরে মারামারি ঘটনার একপর্যায়ে নিহত ইব্রাহীমের মাথায় চাইনিজ কুড়াল দিয়ে আঘাত করে প্রতিপক্ষ লোকজন।
এ সময় গুরুত্বর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় এর পরে শনিবার সকালে ইব্রাহীমকে ডাক্তার মৃত্যু ঘোষণা করে। নিহত ইব্রাহীম সদর থানার আলীরটেকের ক্রোক্রেরচর এলাকার আমির হোসেনের ছেলে।
নিহতের স্বজন ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, বেশ কিছুদিন আগে ফুটবল খেলাকে কেন্দ্র করে শুক্রবার ইব্রাহিম সহ তার বন্ধুদের সাথে শাওন, শাকিল, ইউনুস, ইয়াসিন, সেলিম, রিফাত গংদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়।
এ ঘটনার দিন সন্ধ্যায় একটি ওয়াজ মাহফিলে ইব্রাহীমকে দেখতে পেয়ে মারধর করা হয়। এক পর্যায়ে শাওনের মা অভিযুক্ত পারভীন চাইনিজ কুড়াল দিয়ে ইব্রাহীমের মাথায় আঘাত করে।
এ সময়ে শাকিল, ইয়ানুস, ইয়াসিন, শাওন, সেলিম, রিফাত সহ বেশ কয়েকজন এলোপাথারি মারধর করে। গুরুত্বর অবস্থায় ইব্রাহীমকে নারায়ণগঞ্জ ১০০ শয্যা হাসপাতালে (ভিক্টোরীয়া) আনা হলে কর্তব্যরত চিকিৎসক ঢাকায় পঠিয়ে দেন।
এ ঘটনায় ইউনিয়নের চেয়ারম্যান জাকির হোসেন সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে তিনি সবাইকে শান্ত হওয়ার জন্য আহবান করেন এবং ঘটনার তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে বলে সকলকে জানায়।
আলীরটেক ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মেম্বার রওশন আলী জানান, এর আগেও এলাকাতে কিণং বখাটে ছেলেরা নানা ভাবে অশান্তির সৃষ্টি করেছে। আমি বেশ কয়েকবার তাদেরকে সর্তক করেছি। কিন্তু এবার হত্যাকান্ড ঘটিয়ে ছাড়লো। আমি প্রশাসনের নিকট সুষ্ঠ তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহনের আহবান জানাই।
ঢাকা মেডিকেল হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, ছুরিকাহত এক কিশোর আজ সকালে মারা গেছে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) আজিজুল হক হাওলাদার জানান, ফুটবল খেলাকে কেন্দ্র করে মারামারি হয়। এতে ইব্রাহীম নামের একজনকে হাসপাতালে নিলে হাসপাতালে তার মৃত্যু হয়।
এ ঘটনায় পারভীন ও ইয়াসিন নামের দুজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এবং ঘটনার তদন্ত করে আইননানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন থাকবে।


