রূপগঞ্জে একটি রপ্তানিমুখী পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ চালিয়ে যাচ্ছে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
শনিবার রাত ৯টার দিকে উপজেলার তারাবো পৌরসভার খাতুন এলাকায় সিকদার অ্যাপারেলস গার্মেন্টস লিমিটেড নামের পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও শ্রমিকেরা জানান, খাতুন এলাকায় অবস্থিত সিকদার অ্যাপারেলস গার্মেন্টস লিমিটেড কারখানায় প্রায় ২ হাজার শ্রমিক কাজ করেন। রাত ৯টার দিকে কারখানার নিটিংস সেকশনে হঠাৎ করে আগুন লেগে যায়।এ সময় কারখানায় কর্মরত শ্রমিকেরা আগুন দেখে আতঙ্কিত হয়ে কারখানা থেকে বের হয়ে পড়েন।
আগুন আগুন করে চিৎকার শুরু করলে স্থানীয়রা এগিয়ে আসেন এবং আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু আগুনের লেলিহান শিখা বাড়তেই থাকে এবং পুরো পোশাক কারখানায় আগুন ছড়িয়ে পড়ে।
একপর্যায়ে ডেমরা, কাঞ্চন, নারায়ণগঞ্জ, হাজিগঞ্জ ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে এসে এলাকাবাসীর সহযোগিতা নিয়ে আগুন নেভানোর চেষ্টা চালিয়ে আসছে।
রাত পৌনে দশটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স নারায়ণগেঞ্জ সহকারী উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কাজ করে যাচ্ছে।


