বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের ছোটবাগ এলাকার মৃত জুলহাস মিয়ার ছেলে মামুন (৩০) গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। মামুন মদনপুর বাস স্ট্যান্ডে পরিবহনের লাইনম্যান হিসেবে কাজ করতো এবং সে এক সন্তানের জনক। জানা যায়, প্রতিদিনের মত শুক্রবার রাতে বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের ছোটবাগ এলাকার মৃত জুলহাস মিয়ার ছেলে মামুন ঘুমাতে যায়।
পরদিন শনিবার সকাল ৯টা পর্যন্ত তার ঘরের দরজা বন্ধ দেখে তার মা বাহির থেকে ডাকাডাকি ও দরজায় কয়েকবার টোকা দিলেও ভিতর থেকে তার কোন উত্তর না পেয়ে দরজার ফাঁকা দিয়ে তাকিয়ে মামুনকে ঘরের ভিতর গলায় ফাস দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
তার মা চিৎকার করলে আশেপাশের লোকজন এসে দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে গলায় ফাঁস লাগানো ও তাকে মৃত অবস্থায় দেখতে পায়। এলাকাবাসী পুলিশে সংবাদ দিলে ধামগড় পুলিশ ফাঁড়ি ঘটনাস্থলে গিয়ে লাশটিকে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তাস্তর করা হয়েছে বলে জানা গেছে। তবে দাম্পত্য কলহের জের ধরে এ আত্মহত্যার ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা।


