আড়াইহাজারে চাঁদা না দেয়ায় দর্জিকে কুপিয়ে জখম
আড়াইহাজার প্রতিনিধি
প্রকাশ: ০৮ মার্চ ২০২২, ০৭:৫৫ পিএম
আড়াইহাজারের দূর্গম কালাপাহাড়িয়া ইউনিয়ন এলাকায় এক লাখ টাকা চাঁদা না দেয়ায় এক দর্জিকে কুপিয়ে জখম করেছে এলাকার সন্ত্রাসীরা। রোববার দুপুরে এ ঘটনাটি ঘটেছে ওই ইউনিয়নের রাধানাগর বাজারে। এ ব্যাপারে আহত দর্জি রাকিব (২৫) এর ভাই সুমন বাদী হয়ে আড়াইহাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগের সূত্রে জানা যায় যে,কালাপাহাড়িয়া ইউনিয়নের মধ্যারচর গ্রামের মৃত রিয়াজউদ্দীনের পুত্র উক্ত রাকিব রাধানাগর বাজারে তার শ্বশুর আবুলের দর্জি দোকান দেখা শুনা করে। ঘটনার সময় স্থানীয় হোসেন নামে এক সন্ত্রাসী তার দল বল নিয়ে ওই দোকানে গিয়ে নগদ এক লাখ টাকা চাঁদা দাবী করে।
তাদের চাহিদা অনুযায়ী চাঁদা না দেয়ায় হোসেন ও তার দলবল রাকিবকে ধারালো অস্ত্র দিয়ে হাতে ও পায়ে উপর্যুপরি কুপিয়ে গুরুতর জখম করে। এ সময় তার ডাক চিৎকারে আশে পাশের লোকজন জড়ো হতে থাকলে সন্ত্রাসীরা তাকে ফেলে রেখে চলে যায়।
তাকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আড়াইহাজার থানার ডিউটি অফিসার এস আই বোরহান জানান, অভিযোগ পেয়েছি। আইনগত ব্যবস্থার প্রক্রিয়া চলছে।


