ফতুল্লায় অপহৃত স্কুল ছাত্রী হবিগঞ্জে উদ্ধার, গ্রেপ্তার ১
ফতুল্লা প্রতিনিধি
প্রকাশ: ০৮ মার্চ ২০২২, ০৮:০৫ পিএম
কোচিংয়ে যাওয়ার পথে ফতুল্লা থেকে অপহৃত হওয়ার ২২ দিন পর সিলেটের হবিগঞ্জ থেকে অপহৃত স্কুল ছাত্রী (১৪) কে উদ্ধার সহ কাউছার(১৮) কে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃত কাউছার হবিগঞ্জ জেলার লাখাই থানার বড়পূর্ণী বড়গাও গ্রামের মাস্টার বাড়ীর মৃত. কামাল ভুইয়ার পুত্র ও দেলপাড়া কলেজ রোডের বাসিন্দা কাউছার (১৮)।
সোমবার (৭ মার্চ) দুপুরে হবিগঞ্জ থেকে কাউছার কে গ্রেফতার সহ উদ্ধার করা হয় অপহৃত স্কুল ছাত্রীকে। এর আগে ঘটনার বিশ দিন পর ছাত্রীটির বাবা বাদী হয়ে রোববার(৬মার্চ) ফতুল্লা মডেল থানায় অপহরণের অভিযোগ এনে কাউছার কে আসামী করে মামলা দায়ের করেছে।
মামলায় উল্লেখ্য করা হয়,বাদীর মেয়ে স্থানীয় একটি স্কুলের নবম শ্রেনীর ছাত্রী।স্কুলে যাতায়াতের পথে অভিযুক্ত কাউছার প্রতিনিয়ত বাদীর মেয়েকে প্রেমের প্রস্তাব দেয়া সহ নানা ভাবে উত্যক্ত করতো।
বিষয়টি বাদীর মেয়ে বাদী কে জানালে তারা স্থানীয় সহ অভিযুক্তের পরিবারের সদস্যদের বিষয়টি জানায়। এতে করে বেশ কিছুদিন উত্যক্ত করা থেকে বিরত থাকে অভিযুক্ত কাউছার। কিছুদিন বিরত থাকার পর কাউছার বাদীর মেয়েকে মোবাইল ফোনে বিরক্তের পাশাপাশি পথিমধ্যেও উত্যক্ত করা শুরু করে।
চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি সকাল সাড়ে ছয়টায় বাদীর মেয়ে দেলপাড়াস্থ অর্জুন স্যারের কোচিং সেন্টারে কোচিং করার জন্য বাসা থেকে বের হয়।নির্দিস্ট সময় অতিবাহিত হওয়ার পরও বাসায় ফিরে না আসায় খোঁজ করতে গিয়ে তারা জানতে পারেন অভিযুক্ত কাউছার সহ অজ্ঞাতনামা আরো ২/৩ জন বাদীর মেয়েকে ফুসলিয়ে প্রলোভন দেখিয়ে অপহরন করে নিয়ে গেছে।
পরবর্তীতে বাদী সহ তাদের স্বজনেরা ফেব্রুয়ারী মাসের ২০ তারিখ বেলা একটার দিকে অভিযুক্তের গ্রামের বাড়ীতে গিয়ে বাদীর মেয়ের বিষয়ে জানতে চাইলে তাদের সাথে অসৌজন্যমূলক আচরন সহ তাদের কে বাসা থেকে বের করে দেয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক সোহাগ চৌধুরী জানায়, অপহরনের ঘটনায় ছাত্রীটির পিতা বাদী হয়ে রোববার মামলা দায়ের করে। সোমবার দুপুরে হবিগঞ্জ থেকে অপহৃত স্কুল ছাত্রীকে উদ্ধার সহ এজাহারনামীয় আসামী কাউছার কে গ্রেফতার করা হয়েছে।


