বন্দরে ১৬ ইটভাটায় অভিযান, জরিমানা ৪৫ লাখ, দুই মামলা
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ০৮ মার্চ ২০২২, ০৮:১২ পিএম
বন্দর উপজেলার কেওঢালা ও মদনপুর এলাকায় অবস্থিত ১৬টি ইটভাটায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় আইন অমান্য করে ইটভাটা পরিচালনা করায় ৪৫ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। সোমবার (৭ মার্চ) বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ অভিযান চলে। অভিযানে মেসার্স আওলাদ ব্রিকস এবং সোনারগাঁও টাটা ব্রিকসের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
মেসার্স আওলাদ ব্রিকসের চুল্লি বন্ধ করে দিয়ে সকল কার্যক্রম বন্ধ করে দেয়া হয়। একই এলাকায় হাজী রিয়াজ ব্রিক ফিল্ড হতে ৬ লাখ টাকা জরিমানা অদায় করে আগামী ৭ দিনের মধ্যে কার্যক্রম বন্ধের নির্দেশ প্রদান করা হয়েছে। পরিবেশ পরিবেশ অধিদপ্তরের সদরদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদের নেতৃত্বে পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয় এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ও বন্দর থানা পুলিশ এর সমন্বয়ে গঠিত একটি টীম এ অভিযান চালায়।
সন্ধ্যায় পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জের কার্যালয়ের উপপরিচালক মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। ইটভাটাগুলো হলো- মেসার্স আল্লাহ মহান ব্রিকস, মেসার্স আওলাদ ব্রিকস, মেসার্স খান ব্রিকস, মেসার্স ন্যাশনাল ব্রিকস, মেসার্স সেভেন জিরো সেভেন ব্রিকস, মেসার্স ভূইয়া ব্রিকস, মেসার্স দেওয়ান ব্রিকস, মেসার্স ভূইয়া ব্রিকস, মেসার্স আল মদিনা ব্রিকস
মেসার্স বিসমিল্লাহ ব্রিকস, মেসার্স আল্লাহর দান ব্রিকস, মেসার্স এস কে বি ব্রিকস, মেসার্স মামা ভাগিনা ব্রিকস-১, মেসার্স মামা ভাগিনা ব্রিকস-২, হাজী রিয়াজ ব্রিক ফিল্ড, দশদোনা, মেসার্স সোনারগাঁও টাটা ব্রিকস। উক্ত অভিযানে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক শেখ মুজাহিদ ও মোবারক হোসেন। এ সময় পরিবেশ অধিদপ্তর ও আইনশৃঙ্খলাবাহিনীর সদস্য ও ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত ছিলেন।


