ফতুল্লায় কলেজ ছাত্রী অপহরণের ঘটনায় মামলা
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ০৮ মার্চ ২০২২, ০৯:০০ পিএম
ফতুল্লায় ছুরির ভয় দেখিয়ে এক কলেজ পড়–য়া দ্বাদশ শ্রেনীর ছাত্রীকে অপহরনের পাচঁদিন পর কলেজ ছাত্রীর মামা বাদী হয়ে মঙ্গলবার (৮ মার্চ) ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন।
মামলায় আসামী করা হয়েছে ঢাকা জেলার কেরানীগঞ্জ থানার ডায়বিটিক্স বাজারের মো. ইউনুস মিয়ার ছেলে সহোদর তিন ভাই মো. রাফছান (২০), মো. আমিন (২২) ও মো. মিজান (৪০)। ঘটনাটি ঘটেছে ফতুল্লা থানার নতুন কোর্টের বিপরীতে জেলা পরিষদ সংলগ্ন ঢাকা-নারায়নগঞ্জ সড়কে।
মামলায় উল্লেখ করা হয়, বাদীর ভাগ্নী সরকারী মহিলা কলেজের দ্বাদশ শ্রেনীর ছাত্রী। মামলার এ জাহার নামীয় প্রধান আসামী রাফছানের সাথে মোবাইল ফোনের মাধ্যমে কলেজ ছাত্রী বাদীর ভাগ্নির সাথে পরিচয় হয়।
চলতি মাসের তিন তারিখ বেলা সাড়ে ১২ টার দিকে বাদীর ভাগ্নী কলেজে যাবার জন্য বাসা থেকে বের হয়ে জেলা পরিষদের ১নং গেইট সংলগ্ন ঢাকা- নারায়নগঞ্জ মহাসড়কে পৌছা মাত্র অভিযুক্ত আসামীরা বাদীর ভাগ্নির গলায় ছুরি ধরে ভয় ভীতি প্রদর্শন করে জোড় পূর্বক একটি সিএনজিতে তুলে সাইনবোর্ডের দিকে চলে যায়।
মামলার তদন্ত কারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক নজরুল ইসলাম জানান, অপহৃত কলেজ ছাত্রীর মামা তিনজনকে অভিযুক্ত করে একটি মামলা দায়ের করেছে। এর আগে তারা তিন তারিখ কলেজ ছাত্রী নিখোঁজ হয়েছে এই মর্মে ফতুল্লা থানায় সাধারন ডায়েরী ( নং-২১৩) করেন।
পরবর্তীতে তারা অপহরনের মামলা করেন। মামলাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। অপহৃত কলেজ ছাত্রী উদ্ধারসহ মামলার আসামীদের গ্রেফতার অভিযান অব্যহৃত রয়েছে।


