ইটের পরিমাপে কারচুপি, তিন ইটভাটাকে জরিমানা
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ১০ মার্চ ২০২২, ০৭:০৩ পিএম
নারায়ণগঞ্জে ইটের পরিমাপে কারচুপির অপরাধে ৩ ইট ভাটাকে ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার (৯ মার্চ) আলীরটেক ডিক্রির চর এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধি, জেলা ক্যাবের প্রতিনিধি ও জেলা পুলিশের একটি টিম। মো. সেলিমুজ্জামান জানান, বুধবার সদর উপজেলার ডিক্রির চর গুদারাঘাট এলাকায় কয়েকটি ইট ভাটা পরিদর্শন করা হয়। বিডিএস (ইউঝ) ২০৮:২০০৯ অনুযায়ী ইটের সঠিক পরিমাপ দৈর্ঘ্য ২৪ সেন্টিমিটার, প্রস্থ ১১.৫ সেন্টিমিটার, উচ্চতা ৭ সেন্টিমিটার হওয়ার কথা।
কিন্তু পরিদর্শনকালে ইটের সঠিক পরিমাপ না থাকায় পরিমাপে কারচুপির অপরাধে মেসার্স বিসমিল্লাহ ব্রিকসকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারায় ৩০ হাজার টাকা, ৪৫ ধারায় ২০ হাজার টাকা, ৪৮ ধারায় ২৫ হাজার টাকা,মেসার্স তোহা ব্রিকসকে ৪৫ ধারায় ২৫ হাজার টাকা, ৪৮ ধারায় ২৫ হাজার টাকা এবং নিউ ব্রিকসকে ৪৩ ধারায় ৫০ হাজার টাকা, ৪৫ ধারায় ২৫ হাজার টাকা, ৪৮ ধারায় ২৫ হাজার টাকা মোট দুই লাখ বিশ হাজার টাকা জরিমানা করা হয়।


