Logo
Logo
×

নগরের বাইরে

রূপগঞ্জে বিষমুক্ত বেগুন চাষে সফল কৃষক

Icon

রূপগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৪ মার্চ ২০২২, ০৬:১১ পিএম

রূপগঞ্জে বিষমুক্ত বেগুন চাষে সফল কৃষক
Swapno

রূপগঞ্জে কীটনাশক প্রয়োগ ছাড়াই বেগুন চাষ করছেন স্থানীয় কৃষকরা। কম খরচে বিষমুক্ত বেগুন উৎপাদন করে লাভবান হচ্ছেন তারা। উপজেলার ভোলাবো ইউনিয়নের পাইস্কা গ্রামের কৃষক মিজানুর রহমান বলেন, এ বছর এক বিঘা জমিতে আবাদ করেছেন উন্নত জাতের বেগুন। এর আগে তিনি বেগুনের খেতে ক্ষতিকর পোকা দমনের জন্য প্রতিদিন সকাল বিকাল কীটনাশক স্প্রে করতেন।

 

এখন তিনি কীটনাশক ছাড়াই পরিচ্ছন্ন চাষাবাদ পদ্ধতিতে বেগুন আবাদ করছেন। এ পদ্ধতিতে বেগুনখেতকে সব সময় পরিচ্ছন্ন রাখা হয়। বেগুন গাছের মরা ডগা ও পাতা তুলে তা বাইরে ফেলে দেয়া হয়। পাখির আক্রমণ ঠেকাতে জাল ও পোকা দমনে সেক্স ফেরামোন ফাঁদ ব্যবহার করা হচ্ছে। একই কায়দায় বেগুন চাষ করেছেন ব্রাহ্মণগাঁও গ্রামের পারভীন।

 

তার ১ বিঘা জমির বেগুন ক্ষেতে এবার বাম্পার ফলন ধরেছে। কৃষি বিষয়ে কথা হলে তিনি বলেন, আগে পোকার আক্রমণ ঠেকাতে প্রতিদিনই বেগুনখেতে কীটনাশক ছিটাতে হতো। এতে বেগুন বিক্রির টাকার বড় অংশই ব্যয় হতো। তবে কীটনাশক ছিটানোর পরও পোকার আক্রমণ থেকে রক্ষা পেতাম না। পরে কৃষি বিভাগের পরামর্শ অনুযায়ী বেগুনখেতে পোকা মারার ফাঁদ সেক্স ফেরামোন পদ্ধতি ব্যবহার শুরু করি।

 

বেগুনের খেত সব সময় পরিচ্ছন্ন রাখি। এখন বেগুনখেতে পোকার আক্রমণ আর নেই বললেই চলে। এতে একদিকে যেমন বিষমুক্ত বেগুন ভালো দামে বিক্রি করতে পারছি, তেমনই কীটনাশক কেনার খরচ থেকেও মুক্তি পেয়েছি। এমন চাষপদ্ধতি দেখে উপজেলার বেলদী, কুলিয়াদি, পিতলগঞ্জ, হারিন্দা, হাটাবো, মুড়াপাড়া, ইছাপুরাসহ বিভিন্ন গ্রামের আরো কৃষক এ পদ্ধতিতে বেগুন চাষ শুরু করছেন। এ পদ্ধতিতে বেগুন চাষের খরচ আগের তুলনায় বিঘাপ্রতি ১০ হাজার টাকা কম লাগছে বলে জানিয়েছেন কৃষকরা।

 

রূপগঞ্জ উপজেলা কৃষি অফিসে কর্মরত রূপগঞ্জ সদর ইউনিয়ন এলাকায় নিয়োজিত  মাঠকর্মী গোলাকাক্তার বলেন, বেগুনখেতে সেক্স ফেরামোন ফাঁদ ব্যবহার এবং পরিচ্ছন্ন পদ্ধতিতে বেগুন চাষ করায় লাভবান হচ্ছে কৃষকরা। তাতে উৎপাদন খরচ অনেক কমে এসছে। তাই এই পদ্ধতিতে চাষাবাদ আরো জনপ্রিয় করে তুলতে স্থানীয় কৃষি বিভাগ কৃষকদের হাতেকলমে প্রশিক্ষণ দেয়াসহ নানাভাবে উৎসাহিত করছি।

 

সবজিখেতে পোকা দমনে কীটনাশক ব্যবহারে স্বাস্থ্য ঝুঁকি বিষয়ে জানতে চাইলে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আইভী ফেরদৌস শোভা বলেন, কীটনাশক বা বিষপ্রয়োগে চাষাবাদের উৎপাদিত সব্জি, শাক বা ফল মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর। এ ধরনের খাবার থেকে বিরত থাকতে হবে।

 

অন্যথায় মা, শিশু ও নারীসহ বয়োবৃদ্ধরা বেশি ঝুঁকিতে থাকবে। মোটকথা নারী পুরুষ সবার জন্য ঝুঁকি রয়েছে। পেটের পীরা, ক্যান্সারসহ নানা ধরনের জটিল রোগে আক্রান্ত হতে পারেন। তাইকৃষকদের কীটনাশক ব্যবহারে নিরুৎসাহিত করে বিষমুক্ত ও স্বাস্থ্যবান্ধব সবজি চাষে উদ্বুদ্ধ করতে হবে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন