সোনারগাঁয়ে পুলিশ পাহারায় হামলার অভিযোগ, নারী ও শিশুসহ আহত ৬
সোনারগাঁ প্রতিনিধি
প্রকাশ: ১৪ মার্চ ২০২২, ০৬:৫১ পিএম
সোনারগাঁ উপজেলার চরকিশোরগঞ্জ এলাকায় পূর্বশত্রুতার জেরে বিদেশফেরত প্রবাসী মো. আওলাদ শেখের বাড়িতে হামলা লুটপাট চালিয়েছে সন্ত্রাসীরা। হামলার ঘটনায় নারী ও শিশুসহ ছয়জন আহত হয়েছেন। শনিবার (১৩ মার্চ) রাতে এ হামলার ঘটনা ঘটে। আহতদের নারায়ণগঞ্জ ভিক্টোরিয়াসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এসময় চরকিশোরগঞ্জ এলাকার সাবেক মেম্বার নাসিরউদ্দিনের নেতৃত্বে প্রায় অর্ধশত সন্ত্রাসী বাড়িঘরে ভাংচুর ও লুটপাট চালায় ৷ এসময় তাদের বাধা দিতে গেলে আওলাদ ও তার পরিবারের সদস্যদের মারধর করে সন্ত্রাসীরা। এঘটনায় মো. আওলাদ শেখ, আব্দুর রব মিয়া, মো. শহীদ, আওলাদের স্ত্রী কলি বেগম, শহীদের স্ত্রী ও চার বছরের শিশু আহত হয়েছেন।
আওলাদের ভাই হারুন অর রশিদ জানান, আওলাদ প্রায় ২০ দিন হয়েছে ইরাক থেকে এসেছে। সে বিগত সাত বছর ইরাকেই ছিল। এর আগে দেশে থাকার সময় তার দুটো রাজনৈতিক মামলা ছিল। পরবর্তীতে সে দেশে আসার সাথে সাথে সে আদালতে আত্মসমর্পণ করে জামিন নেয়। নাসির মেম্বার সেই পূর্ব শত্রুতার জেরেই পুলিশের পাহারায় প্রায় অর্ধশত লোক নিয়ে আমার ভাইয়ের বাড়িতে হামলা করেছে।
এসময় তারা ঘরে টাকা গহনা লুটপাট করে এবং আমার ভাইকে ব্যাপক মারধর করে। তিনি আরও জানান, নাসিরউদ্দিন মেম্বারের সাথে আমাদের রাজনৈতিক মতবিরোধ ছিল। বর্তমানে টাকা ও সন্ত্রাসীদের জোরে তিনি পুরো এলাকা জিম্মি করে রেখেছেন। অভিযুক্ত সাবেক ইউপি মেম্বার নাসিরউদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, পুলিশ মামুন নামের এক ফেরারি আসামী ধরতে গিয়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়।
এক পর্যায়ে লোকজন গিয়ে দেখতে পান পুলিশের সঙ্গে ঘটনা। পুলিশ সহযোগিতা চাইলে আমার লোকজন ঘর থেকে ওই আসামিকে বের করতে গিয়ে অপ্রীতিকর ঘটনা ঘটেছে।সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, হামলা ও ভাংচুরের ঘটনায় কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।


