সিদ্ধিরগঞ্জে এক পৃথক অভিযানে ৩ চাঁদাবাজকে গ্রেফতার করেছে র্যাব-১১। রোববার (১৩ মার্চ) রাতে সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড হাজী নেকবর আলী সুপার মার্কেটের সামনে ফুটপাতের ব্যবসায়ীদের ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজির সময় ৩ চাঁদাবাজকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো- মো. রুহুল আমিন (৫২), সাইফুল ইসলাম (৩১) ও মিরাজ হাওলাদার (২৯)। এসময় তাদের কাছ থেকে চাঁদাবাজির ৮ হাজার ৭১৫ টাকা উদ্ধার করা হয়।
র্যাব-১১’র ফ্লাইট লেফট্যানেন্ট মিডিয়া অিফিসার মো. তৌহিদুল মবিন খান এ তথ্য জানান, তিনি আরও জানান, গ্রেফতারকৃত চাঁদাবাজরা আর্থিকভাবে লাভবান হওয়ার উদ্দেশ্য পরষ্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ সিদ্ধিরগঞ্জ থানার চিটাগাং রোড এলাকায় হাজী নেকবর আলী সুপার মার্কেটের সামনে ফুটপাতের
বিভিন্ন অস্থায়ী ব্যবসায়ীদের গুরুত্বর আঘাত এবং ক্ষয়ক্ষতির ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক দোকানপ্রতি ১৫০ থেকে ২০০ টাকা করে অবৈধ চাঁদা আদায় করে আসছিলেন। তাদের অত্যাচারে ফুটপাতের ব্যবসায়ীরা অতিষ্ঠ হয়ে পরেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


