ফতুল্লার প্রান্ত ভারতে সড়ক দূর্ঘটনায় নিহত
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ১৫ মার্চ ২০২২, ০৮:০৬ পিএম
ফতুল্লার মেধাবী ছাত্র নাঈমুর রহমান প্রান্ত (২৪)। সে আমেরিকান ইউনিভার্সিটির বিবিএর শেষ বর্ষের ছাত্র। বাবা-মায়ের স্বপ্ন ছিলো পড়ালেখা শেষ করে অনেক বড় হবে । কিন্তু সেই স্বপ্ন মুহূর্তেই শেষ হয়ে গেল। বন্ধুদের সাথে ভারতে ঘুরতে গিয়ে মঙ্গলবার (১৫ মার্চ) ভোর রাতে ভারতের গোয়ায় এক সড়ক দুর্ঘটনায় মৃত্যুর কোলে ঢলে পড়ে নাঈমুর রহমান প্রান্ত। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৩ জন।
তারা হলেন, ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার লুৎফর রহমান স্বপনের ছেলে তাইহান তাবাচ্ছির সোয়াদ (২৫) ফতুল্লা থানা গেইট সংলগ্ন আমীর আলী সুপার মার্কেটের মালিক মৃত জহিরুল আলমের ছেলে আলী আকরাম আকিব (২৬) ও তার ছোট ভাই আলী আরমান আদিব (২২)।আহতরা ভারতের গোয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহতদের মধ্যে আদিবের অবস্থা আশংকাজনক বলে জানা যায়।
নিহত নাঈমুর রহমান প্রান্ত ফতুল্লার লালপুরের কামাল হোসেনের ছেলে। এদিকে নাঈমুর রহমান প্রান্তের মৃত্যুর সংবাদে তার পরিবারে চলছে শোক । চুপচাপ হয়ে পড়েছেন পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন।
আহত তাইহান তাবাচ্ছির সোয়াদের বাবা ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার লুৎফর রহমান স্বপন জানান সাথে তার স্বজনদের রাত আড়াইটা দিকে সর্বশেষ ফোনে কথা হয়েছিলো।
প্রান্ত নিজেই গাড়ী চালাচ্ছিলো বলে জানা যায়। রাত সাড়ে তিনটার দিকে তারা দুর্ঘটনার শিকার হন। পরে সকাল সাড়ে নয়টার দিকে সোয়াদ মোবাইল ফোনে দূর্ঘটনা ও প্রান্তের মৃত্যুর সংবাদটি জানায়।


