নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর ইউনিয়নে জমি নিয়ে বিরোধের জেরে নিলুফা বেগম নামের গোপনগর ইউনিয়ন পরিষদের এক (ইউপি) সদস্য পায়ে গুলিবিদ্ধ হয়েছেন। তাঁকে গুরত্বর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ মঙ্গলবার সকালে ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পুরান সৈয়দপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিলুফা বেগম গোগনগর ইউপির সংরক্ষিত ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সদস্য। গোগনগর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. রুবেল এ তথ্য নিশ্চিত করেছেন।
এলাকাবাসী ও থানা-পুলিশ সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ শহরের পুরান সৈয়দপুর এলাকায় নূর হোসেনের সঙ্গে তাঁর চাচাতো ভাই মো. রানার বিরোধ চলছিল। এই বিরোধের জেরে মঙ্গলবার সকালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ লাগে। নিলুফা বেগমের মেয়ে সাদিয়া আক্তার বলেন, সংঘর্ষ থামাতে গেলে তাঁর মা বাম পায়ে গুলিবিদ্ধ হন।
পুরান সৈয়দপুর এলাকার নূর হোসেন বলেন, তাঁর ৫ শতাংশ জমি চাচাতো ভাই রানা জোর করে দখল করেন। সকালে অস্ত্র নিয়ে রানা ও তাঁর লোকজন হামলা চালান। এ সময় তাঁকে (নূর) লক্ষ্য করে গুলি ছুড়লে তা ইউপি সদস্য নিলুফা বেগমের পায়ে গিয়ে লাগে। মো. রানা অভিযোগ অস্বীকার করে বলেন, নূর হোসেন ও তাঁর লোকজনই নিলুফা বেগমকে গুলি করেছেন।
এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জামান বলেন, জমি নিয়ে মারামারির খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ইউপি সদস্যের পায়ে গুলি লাগার কথা শুনেছেন। তদন্ত করে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।


