আড়াইহাজারে যুবলীগ নেতার হুকুমে ইউপি সদস্যকে কোপানোর অভিযোগ
আড়াইহাজার প্রতিনিধি
প্রকাশ: ১৬ মার্চ ২০২২, ০২:৪০ পিএম
আড়াইহাজার উপজেলার বিশনন্দী ইউনিয়ন পরিষদের সাধারণ সদস্য হানিফাকে কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে। যুবলীগ নেতা মাহাবুবের হুকুমে তাকে কোপানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। মাহাবুব বিশনন্দী ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক বলে জানা গেছে। তাকেসহ ১১ জনের নাম উল্লেখ করে একটি মামলা করা হয়েছে।
মামলায় মাহাবুবকে হুকুমের আসামি করা হয়েছে। এছাড়াও এ মামলায় অজ্ঞাত আরও ৪ থেকে ৫ জনকে আসামি করা হয়। অভিযোগ রয়েছে মামলায়ও নানাভাবে প্রতিবন্ধকতা সৃস্টি করা হয়। তবে গতকাল তার ছেলে রাজিব হোসেন বাদি হয়ে মামলা করেন। মামলা নং-১৯(৩)২২ইং। তবে আসামিরা প্রকাশ্যে ঘুরাফেরা করলেও পুলিশ এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার না করায় এলাকায় ক্ষোভের সৃস্টি হয়েছে।
আহত হানিফা উক্ত ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সাধারণ সদস্য। তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ধারালো অস্ত্রের আঘাতে তার শরীর থেকে অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে তার পরিবার। স্থানীয়রা জানিয়েছেন, এই ঘটনার জেরে যেকোন সময় ফের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটনার আশঙ্কা রয়েছে।
এজাহারে উল্লেখিত বিবরণের তথ্যমতে, ৯ মার্চ ২ লাখ ৫০ হাজার টাকা সঙ্গে নিয়ে স্থানীয় বিশনন্দী গরু’র হাটে হানিফ গরু কিনতে যান। কিন্তু গরু কিনতে না পেরে তিনি সন্ধ্যা ৭টার দিকে ফিরে আসেন। এজাহারে বাদি উল্লেখ করেন, তার বাবা হানিফ তাদের বাড়ির কিছু অদূরে আসা মাত্র মাহাবুবের মোবাইলে দেওয়া হুকুম পেয়ে এজাহারে উল্লেখিত বিবাদীরা তার ওপর ঝাঁপিয়ে পড়েন।
এ সময় তার হাতে ও পায়ে এলোপাথাড়িভাবে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাত করে। এক পর্যায়ে সঙ্গে থাকা ২ লাখ ৫০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। এদিকে মামলার তদন্তকারী কর্মকর্তা গোপালদী তদন্ত কেন্দ্রের এসআই মো. শহিদুল ইসলাম বলেন, আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তিনি আরও বলেন, আসামি কে কোন দলের সেটি আমাদের কাছে বিবেচ্য বিষয় নয়; দ্রুত সময়ের মধ্যে তাদের আইনের আওতায় আনা হবে।
এদিকে যুবলীগ নেতা মাহাবুব বলেন, ঘটনার সময় আমি এলাকায় ছিলাম না এমনকি মোবাইলে কাউকে কোপানোর হুকুমও দেয়নি। আমার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পন্ন ভিত্তিহীন ও মিথ্যা। উদ্দেশ্যমূলকভাবে সামাজিকভাবে হেয় করার উদ্দেশ্যেই আমাকে মামলায় আসামি করা হয়েছে।


