বন্দরে সাবিকুন্নাহার নামের এক গৃহবধূকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগ উঠেছে পাষন্ড স্বামী আঃ রহমানের বিরুদ্ধে। দীর্ঘদিন পারিবারিক কলহের জেরে গত বুধবার (৯ মার্চ) গৃহবধূকে বেধড়ক মারধর করে রক্তাক্ত জখম করে। এ ঘটনায় বন্দর থানায় নির্যাতিত গৃহবধু সাবিকুন্নাহার বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
নির্যাতিত গৃহবধু সাবিকুন্নাহার বন্দর বাগবাড়ি এলাকার ইসমাইল মিয়ার ভাড়াটিয়া মো. এজাজ মিয়ার কন্যা। পারিবারিক সুত্রে জানা গেছে, নয় বছর আগে বন্দর রুপালী আবাসিক এলাকার কাশেম মিয়ার ছেলে আব্দুর রহমানের সাথে সাবিকুন্নাহারের পারিবারিকভাবে বিবাহ হয়। বিবাহের কিছুদিন পরেই আব্দুর রহমান বিদেশে চলে যায়।
এরই মধ্যে তাদের সংসার জুড়ে একটি কন্যা সন্তান জন্ম হয়। যার বয়স ৮বছর। অভিযোগ উঠে বিদেশে যাওয়ার পর পরই আ. রহমান নানা অপকর্মে লিপ্ত হয়। সেখানে নারী পাঁচারসহ বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেফতারও হন। এবং সাবিকুন্নাহারের অনুমতি ছাড়াই অন্য একটি মেয়েকে বিবাহ করে।
পরে স্বামী আঃ রহমান দেশে ফিরে সাবিকুন্নাহারকে প্রায় সময়ই মানসিক ও শারীরিক নির্যাতন করে। এরই ধারাবাহিকতায় গত বুধবার রাতে পারিবারিক এ কলহের জেরে ফের গৃহবধুকে মধ্যযুগীয় কায়দায় হাত পা বেধে নির্যাতন করে।
এতে তার চোখ, নাক ও মুখে মারাত্মক জখম হয়। পরে তিনি বন্দর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসা গ্রহন করে থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ৭২ঘন্টা পেরিয়ে গেলেও ব্যবস্থা নেয়নি পুলিশ।


