নিত্যপণ্যের দাম কমানো ও বাম গগণতান্ত্রিক জোটের অর্ধবেলা হরতালের সমর্থনে সিদ্ধিরগঞ্জ থানা বাসদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ মার্চ) সকাল ১০টায় সিদ্ধিরগঞ্জ চৌধুরীবাড়ি বাসস্ট্যান্ডে বাসদের দেশব্যাপী দাবিপক্ষ পালন কর্মসূচির অংশ হিসেবে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বাসদ সিদ্ধিরগঞ্জ থানা সমন্বয়ক সেলিম মাহমুদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বাসদ জেলা কমিটির সদস্যসচিব আবু নাঈম খান বিপ্লব, বাসদ ফতুল্লা থানার সদস্যসচিব এস এম কাদির, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক জেলার সাবেক সভাপতি সুলতানা আক্তার,
গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট জেলার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শরীফ, বাসদ সিদ্ধিরগঞ্জ থানা কমিটির সদস্য রুহুল আমিন সোহাগ, নির্মল বর্মন, সমিউল হক, ইমরান হোসেন সাজু। বক্তারা বলেন, মানুষের খাবারের জন্য সবচেয়ে প্রয়োজনীয় চাল, ডাল, পিঁয়াজ, ভোজ্যতেলের দাম উত্তরোত্তর বেড়ে নাগালের বাইরে চলে গিয়েছে। প্রত্যেকটা নিত্যপণ্যেরই দাম বাড়ছে। সিলিন্ডার গ্যাসের দামও প্রতি মাসে বাড়ানো হচ্ছে। সরকার টিসিবির মাধ্যমে ট্রাকে দেশের বিভিন্ন এলাকায় ন্যায্যমূল্যে চাল, ডাল, তেল দেয়া হলেও তা পরিমাণে খুব কম যা অল্প কিছু মানুষকে দেয়া যায়।
প্রতিদিন সামান্য কিছু সাশ্রয়ের আশায় ৭/৮ ঘণ্টা দাঁড়িয়ে ধাক্কাধাক্কি করে পণ্য ক্রয় করে নিন্ম আয়ের মানুষ। টিসিবির পণ্য কম থাকার কারণে প্রতিদিন প্রায় ৫০ শতাংশ মানুষ পণ্য না পেয়ে ফিরে যাচ্ছে। যেখানে সারাদেশে হাজার হাজার ভ্রাম্যমান ট্রাকের মাধ্যমে টিসিবি পণ্য সরবরাহ দরকার সেখানে তারা মাত্র ৪০০ থেকে ৪৫০টি ভ্রাম্যমান ট্রাকে পণ্য সরবরাহ করছে।
টিসিবির ট্রাক সেলের সামনে এখন নিম্নবিত্ত মানুষের পাশাপাশি মধ্যবিত্ত মানুষরাও দাঁড়াচ্ছে। গ্রাম ও শহরের গরীব, নিন্মবিত্ত, মধ্যবিত্ত সমস্ত মানুষকে রেশন প্রদানের ব্যবস্থা করতে হবে। তারা আরও বলেন, নিত্যপণ্যের দাম কেন বাড়ছে তার কোন সদুত্তোর সরকার দিতে পারছে না। মন্ত্রীরা মিডিয়ায় জনগণকে হেয় করে আবোল-তাবোল কথা বলছেন।
করোনার ফলে সাধারণ মানুষের আয় কমেছে, চাকরি হারিয়েছে। এক মন্ত্রী বলছেন শ্রমিকরা নাকি প্রতিদিন ২০ কেজি চালের সমান মজুরি পায়। মিডিয়ায় এসেছে বাস্তবে বিভিন্ন পণ্যের সিন্ডিকেট ব্যবসায়ীদের অতি মুনাফার কারণেই দাম বাড়ছে। এরসাথে সরকার দলীয় মন্ত্রী এমপিরা যুক্ত। তাই সরকার দাম বৃদ্ধির জন্য দায়ীদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিচ্ছে না।
তারা বলেন, গ্যাস, বিদ্যুৎ, পানির দাম বাড়ানোর পাঁয়তারা চলছে। এ সময়ে দাম বৃদ্ধি জিনিসপত্রের দাম আরেক দফা বৃদ্ধি ঘটাবে। নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে এবং ফ্যাসিবাদী দুঃশাসন উচ্ছেদ, গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষায় আগামী ২৮ মার্চ সকাল ৬ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত বাম গণতান্ত্রিক জোটের পক্ষ থেকে দেশব্যাপী হরতাল আহ্বান করা হয়েছে। নেতৃবৃন্দ সর্বস্তরের মানুষকে এই হরতাল সফল করতে এগিয়ে আসার আহ্বান জানান।


