নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে বাসদের সমাবেশ
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ২০ মার্চ ২০২২, ০৫:১৯ পিএম
চাল, ডাল, ভোজ্যতেলসহ নিত্যপণ্যের দাম কমানো, গ্যাস, বিদ্যুৎ, পানির মূল্য বৃদ্ধির পাঁয়তারা বন্ধ, গ্রাম ও শহরের সমস্ত গরীব মানুষকে রেশন প্রদান, ‘ফ্যাসিবাদী দুঃশাসন’ উচ্ছেদ ও গণতন্ত্র-ভোটাধিকার প্রতিষ্ঠার দাবিতে বাসদের দেশব্যাপী দাবিপক্ষ পালনের কর্মসূচির অংশ হিসাবে বিক্ষোভ সমাবেশ করেছে বাসদ। বাসদের ফতুল্লার কুতুবপুর ইউনিয়ন শাখার উদ্যোগে শনিবার (১৯ মার্চ) বিকেলে পাগলা বাজারে সমাবেশ ও এলাকায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বাসদ কুতুবপুর ইউনিয়ন শাখার আহ্বায়ক এস এম কাদিরের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাসদ নারায়ণগঞ্জ জেলা কমিটির সদস্যসচিব আবু নাঈম খান বিপ্লব, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সেলিম মাহমুদ, বাসদ ফতুল্লা থানার আহ্বায়ক এম এ মিল্টন, কুতুবপুর ইউনিয়নের সদস্যসচিব শফিকুল ইসলাম শিমুল, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়নগঞ্জ জেলার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শরীফ, রি-রোলিং স্টিল মিলস শ্রমিক ফ্রন্ট পাগলা শিল্পাঞ্চল শাখার সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন। বাসদ নেতারা বলেন, মানুষের খাবারের জন্য সবচেয়ে প্রয়োজনীয় চাল, ডাল, ভোজ্যতেলের দাম উত্তরোত্তর বেড়ে নাগালের বাইরে চলে গিয়েছে।
প্রত্যেকটা নিত্যপণ্যেরই দাম বাড়ছে। সিলিন্ডার গ্যাসের দামও প্রতি মাসে বাড়ানো হচ্ছে। সরকার কয়েকটি পণ্যের শুল্ক প্রত্যাহার করেছে। এর সুফল খুব সামান্যই সাধারণ মানুষের কাছে পৌঁছাবে। প্রধানমন্ত্রী বলেছে এক কোটি লোককে কার্ডের মাধ্যমে ন্যায্য মূল্যে নিত্যপণ্য দিবে। করোনার সময়ে সাধারণ মানুষের জন্য সরকারের যে সহায়তার ঘোষণা ছিল তা দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে খুব কমই পৌছেছে। এবারও তার পুনরাবৃত্তিই মানুষ আশঙ্কা করছে। ন্যায্য মূল্যের জিনিস কী পরিমান কী দামে দিবে তা জিনিসপত্রের উচ্চমূল্যের বাজারে গরীব মানুষ কতটুকু উপকৃত হবে জনগণ সন্দিহান।
সরকার স্পষ্ট করে কিছু বলেনি। তারা আরও বলেন, বর্তমানে টিসিবির মাধ্যমে ট্রাকে দেশের বিভিন্ন এলাকায় ন্যায্যমূল্যে চাল, ডাল, তেল দেয়া হলেও তা পরিমাণে খুব কম যা অল্প কিছু মানুষকে দেয়া যায়। প্রতিদিন সামান্য কিছু সাশ্রয়ের আশায় ৭/৮ ঘণ্টা দাঁড়িয়ে ধাক্কাধাক্কি করে পণ্য ক্রয় করে নিম্ন আয়ের মানুষ। টিসিবির পণ্য কম থাকার কারণে প্রতিদিন প্রায় ৫০ শতাংশ মানুষ পণ্য না পেয়ে ফিরে যাচ্ছে।
যেখানে সারাদেশে হাজার হাজার ভ্রাম্যমান ট্রাকের মাধ্যমে টিসিবি পণ্য সরবরাহ দরকার সেখানে তারা মাত্র ৪০০ থেকে ৪৫০টি ভ্রাম্যমান ট্রাকে পণ্য সরবরাহ করছে। টিসিবির ট্রাক সেলের সামনে এখন নিম্নবিত্ত মানুষের পাশাপাশি মধ্যবিত্ত মানুষরাও দাঁড়াচ্ছে। মূল্য বৃদ্ধির মহাসংকট থেকে মানুষের জীবন বাঁচাতে গ্রাম ও শহরের গরীব, নিম্নবিত্ত, মধ্যবিত্ত সমস্ত মানুষকে আর্মি রেটে রেশন প্রদানের ব্যবস্থা করতে হবে।


