আড়াইহাজারে হামলায় স্কুলছাত্রীসহ আহত ৩
আড়াইহাজার প্রতিনিধি
প্রকাশ: ২০ মার্চ ২০২২, ০৫:৪১ পিএম
আড়াইহাজার উপজেলায় পূর্ব শত্রুতার জেরে হামলার ঘটনা ঘটেছে। এ সময় স্কুলছাত্রীসহ অন্তত ৩ জন আহত হয়েছে বলে জানা গেছে। বৃহস্পতিবার ও শুক্রবার (১৭ ও ১৮ মার্চ) উপজেলার উচিৎপুরা ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামে এই ঘটনা ঘটে। আহতরা হলেন, অলিউল্লাহ (৩০), তার বোন ফাহিমা (১৫) ও তার মা আনোয়ারা বেগম ( ৪০)।
আহত অলিউল্লাহ জানান, গত বৃহস্পতিবার পূর্ব শক্রতার জের ধরে জাঙ্গালিয়া গ্রামের জাহাঙ্গীরসহ তার লোকজন অলিউল্লাহ্র বাড়িতে গিয়ে তার মা আনোয়ারা বেগম ও বোন ফাহিমাকে মারধর করেন। এ ঘটনায় আড়াইহাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। পরে শুক্রবার দুপুরে পুলিশ ঘটনাস্থলে তদন্ত করতে যায়।
তিনি বলেন, ওই দিন দুপুরে পুলিশ চলে যাওয়ার পর হামলা কারীদের বাড়িতে পুলিশ যাওয়ার কারণে আমি জাঙ্গালিয়া বাজার থেকে নিজ বাড়ি যাওয়ার পথে হামলা চালিয়ে আমাকে পিটিয়ে আহত করে।' এই ঘটনায় আলী আহাম্মদ বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ২ থেকে ৩ জনের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। এ বিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান মোল্লা জানান, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।


