Logo
Logo
×

নগরের বাইরে

ফতুল্লায় ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে হামলা

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২০ মার্চ ২০২২, ০৫:৫০ পিএম

ফতুল্লায় ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে হামলা
Swapno

বিশ লাখ টাকা চাঁদাবীতে ফতুল্লার চাঁদ ডাইংয়ে হামলায় চালায় একজন সন্ত্রাসী। ডাইংয়ের শ্রমিকরা সন্ত্রাসীদের পিটিয়ে ধারালো অস্ত্রসহ পুলিশে সোপর্দ করে। অস্ত্রসহ সন্ত্রাসীদের ডাইংয়ে প্রবেশের দৃশ্যও ধরা পড়ে সিসি ক্যামেরায়। কিন্তু এরপরেও সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলার পাশাপাশি ডাইং মালিকের বিরুদ্ধে সন্ত্রাসীদের করা মামলাও গ্রহণ করেছে পুলিশ। কেন এমন তুঘলকি কান্ড এর কোনো সদুত্তর দিতে পারেনি ফতুল্লা থানার ওসি।


ধারালো অস্ত্রসহ যে তিন সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে তারা হচ্ছে শাহাদাৎ হোসেন বাচ্চু (৫৫), তার ছোট ভাই সুলতান মাহমুদ (৪২) এবং তাদের ভাগ্নে মীর সাজু (৩৭)।


প্রত্যক্ষদর্শী ও শ্রমিকরা জানান, শুক্রবার বিকেল পাঁচটায় ৬০ থেকে ৭০ জনের একদল সশস্ত্র যুবক কারখানার প্রধান ফটকে হামলা চালায়। নিরাপত্তা রক্ষী ও শ্রমিকরা বাধা দিলে তাদের উপর সন্ত্রাসী হামলা করা হয়। শুক্রবার বিকেলে শাহাদাৎ হোসেন বাচ্চুর নেতৃত্বে গ্রেপ্তার ৩ জনসহ অজ্ঞাত পরিচয় আরও ৩৫-৪০ জন ধারালো অস্ত্রে সজ্জিত হয়ে প্রতিষ্ঠানে হামলা চালায়। ওই সময় তারা পিটিয়ে ও কুপিয়ে আহত করে কারখানার পাঁচ শ্রমিককে।  প্রতিষ্ঠানের সিসিটিভি ফুটেজে হামলার এই দৃশ্য ধারণ করা আছে।


সন্ত্রাসী হামলার সময় কারখানার শ্রমিকদের মধ্যে আতংক ছড়িয়ে পড়লে কারখানা কর্তৃপক্ষ থানা পুলিশকে জানায়। পরে পুলিশ এসে শাহাদাৎ হোসেন বাচ্চু, সুলতান মাহমুদ ও মীর সাজু নামের তিনজনকে অস্ত্রসহ আটক করে। তাদের কাছ থেকে জব্দ করে বেশ কয়েকটি ধারালো অস্ত্র।


এলাকাবাসির অভিযোগ, হামলার নেতৃত্বদাতা শাহাদাৎ হোসেন বাচ্চু এলাকার চিহ্নিত সন্ত্রাসী। ইতিপূর্বে বিভিন্ন মামলায় তিনি জেলও খেটেছেন।চাঁদ ডাইংয়ের প্রকৃত মালিক হাবিবুর রহমান প্রতিষ্ঠানটি জাহিদুল ইসলাম জনির কাছে ভাড়া দেন। কিছুদিন যাবৎ একই এলাকার শাহাদাৎ হোসেন বাচ্চু গং ২০ লাখ টাকা চাঁদার দাবিতে প্রতিষ্ঠানের বর্তমান ভাড়াটে জনিকে হুমকি দিয়ে আসছিল।


হামলার ব্যাপারে চাঁদ নীট কম্পোজিট এর বর্তমান ভাড়াটে ও ব্যবস্থাপনা পরিচালক জাহিদুল ইসলাম জনি বলেন, গত কয়েকদিন যাবত শাহাদাৎ হোসেন বাচ্চু ও তার লোকজন বিশ লাখ টাকা চাঁদা দাবি করে আসছে। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে কারখানায় হামলাসহ তাকে তুলে নিয়ে হত্যার হুমকিও দেয়া হয়। এ ঘটনায় ফতুল্লা থানায় সাধারণ ডায়েরিও করেন কারখানাটির ব্যবস্থাপনা পরিচালক। প্রশাসনের কাছে তিনি নিরাপত্তা ও ন্যায়বিচার দাবি করেন।


এদিকে এ ঘটনায় শনিবার দুপুরে নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানায় ৫ মিনিটের ব্যবধানে পাল্টাপাল্টি মামলা দায়ের হয়েছে। পুলিশের কারিশমায় ডাইং প্রতিষ্ঠানের মালিকের পাশাপাশি চাঁদা দাবি করতে গিয়ে অস্ত্রসহ গ্রেপ্তার ৩ জনের পক্ষ থেকে মামলা নিয়েছে পুলিশ। পুলিশের এ ধরণের কর্মকান্ডে ফতুল্লায় ব্যবসায়িদের মধ্যে সমালোচনা শুরু হয়েছে।


চাঁদ ডাইংয়ের পক্ষে মামলায় প্রতিষ্ঠানের মূল মালিক হাবিবুর রহমান গ্রেপ্তারকৃত ৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় আরও ৩৫-৪০ জনকে আসামী করেন। ফতুল্লা মডেল থানা পুলিশ এ মামলাটি গ্রহণ করে শনিবার দুপুর ১২টা ৪৫ মিনিটে। কিন্তু এর ৫ মিনিট পরেই দুপুর ১২টা ৫০ মিনিটে ওই ঘটনায় গ্রেপ্তার শাহাদাৎ হোসেন বাচ্চুর স্ত্রী শাহানাজ পারভীনের মামলাটিও গ্রহণ করে। এ মামলায় প্রতিষ্ঠানটির বর্তমান ভাড়াটে ও ব্যবস্থাপনা পরিচালক জাহিদুল হক জনিসহ ৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় আরও ১৫-২০ জনকে আসামী করা হয়।


পাল্টা মামলার বাদি শাহানাজ পারভীন বলেন, এই ডাইং ফ্যাক্টরীর জমি নিয়ে তার স্বামীর সঙ্গে হাবিবুর রহমানের দ্বন্দ্ব রয়েছে। এই দ্বন্দ্বের জেরেই শুক্রবারের ঘটনা ঘটেছে। পুলিশের হাতে গ্রেপ্তার তার স্বামীসহ তিন জন বর্তমানে কারাগারে রয়েছে। আজ রোববার তাদের আদালতে উপস্থাপন করা হবে।


অস্ত্রসহ গ্রেপ্তার আসামীদের পক্ষে মামলা নেওয়া প্রসঙ্গে ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান বলেন, শুক্রবার চাঁদ ডাইংয়ে হামলার ঘটনায় ঘটনাস্থল থেকে দেশিয় অস্ত্রসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ৩ জনসহ অজ্ঞাত ৪০ জনের বিরুদ্ধে একটি মামলা করেছেন প্রতিষ্ঠানের মালিক হাবিবুর রহমান।

 

আর গ্রেপ্তার একজনের স্ত্রী বাদি হয়ে প্রতিষ্ঠানটির বর্তমান ভাড়াটে জাহিদুল ইসলাম জনিসহ ৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২০ জনকে আসামী করে পাল্টা একটি মামলা দায়ের করেছেন। অস্ত্রসহ গ্রেপ্তার কারও পক্ষে একই ঘটনায় পাল্টা মামলা নেওয়ার সুযোগ রয়েছে কিনা জানতে চাইলে ওসি বলেন, যেহেতু তারা মিলের ভেতরে মারধরের শিকার হয়েছেন তাই মামলা নেওয়া হয়েছে। তবে তদন্ত শেষে একটি মামলাতেই অভিযোগপত্র দাখিল হবে আদালতে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন