কারাগার থেকে বেরিয়েই হত্যাকাণ্ডের শিকার যুবক
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৩ মার্চ ২০২২, ০৮:৩৭ পিএম
নারায়ণগঞ্জ কারাগার থেকে বুধবার (২৩ মার্চ) সকালে জামিনে বের হয়ে দুপুরে সিদ্ধিরগঞ্জে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন নাজমুল হাসান (৩২) নামের এক যুবক।ঘটনাটি ঘটে সিদ্ধিরগঞ্জের শিমুলপাড়া এলাকায় স্থানীয় কাউন্সিলর এর অফিসের অদুরে রেল লাইনের পাশে দুপুর ১২টা দিকে। নিহত নাজমুল হাসান সিদ্ধিরগঞ্জের আদমজী চর সুমিলপাড়া এলাকার ইউনুস হাওলাদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নাজমুল পেশায় রাজমিস্ত্রী হলেও মাদক ব্যবসার সাথে জড়িত ছিলেন। এক সপ্তাহ আগে সে পুলিশের হাতে গ্রেফতার হয়। বুধবার সকালে সে জামিনে জেল থেকে বের হয় আসে ।
পরে সে এলাকায় ফিরে আসলে আদমজী বিহারী ক্যাম্পের মুরাদের দুই ছেলে ইমন (২০) ও রিপন (১৮) এর সাথে মাদক ব্যবসার ভাগবাটোয়ারার দ্বন্দ্বের জেরধরে মারামারি ও একপর্যায়ে বুকে ছুরিকাঘাত করে।
পরে তাকে উদ্ধার করে দুপুর সোয়া ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল হাসপাতাল পুলিশ ক্যাম্পের (ইনচার্জ) ইন্সপেক্টর বাচ্চু মিয়া বলেন, নিহতের মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান জানান, বিষয়টি নিয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ কাজ করছে।


