সিদ্ধিরগঞ্জ লেক হবে অন্যতম বিনোদনকেন্দ্র : জাপানী রাষ্ট্রদূত
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৪ মার্চ ২০২২, ০৭:৪৯ পিএম
বর্তমান সরকার দেশের অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে মন্তব্য করেছেন জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি। বুধবার (২৩ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জাপানী দাতা সংস্থা জাইকার অর্থায়নে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) অধীনে নির্মিত লেকের কাজের অগ্রগতি পরিদর্শন কালে তিনি এ মন্তব্য করেন।
এসময় জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি বলেন, এ লেকের কাজটি শেষ হলে এটি অন্যতম বিনোদন কেন্দ্রে পরিণত হবে। এছাড়া এখানকার মানুষ স্বাচ্ছন্দে চলা-ফেরার পাশাপাশি লেকের সৌন্দর্য উপভোগ করতে পারবে।
তাছাড়া এই লেকটি এখানকার জলাবদ্ধতা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন তিনি। এসময় তিনি সিদ্ধিরগঞ্জ লেকে বৃক্ষরোপণের পাশাপাশি লেকটি ঘুরে ঘুরে দেখেন। লেকটির সৌন্দর্যে মুগ্ধ হয়ে লেকের বিভিন্ন অংশের দৃশ্য নিজের মোবাইলে ক্যামেরাবন্দী করেন। এসময় তার সাথে জাইকার একটি প্রতিনিধি দল উপস্থিত ছিলেন।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী আজগর হোসেন জানান, ২০২০ সালে এই কাজ শেষ হওয়ার কথা থাকলেও মহামারী করোনা এবং কিছু আনুষাঙ্গিক কাজের কারণে তা সম্ভব হয়নি। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি এই বছরের মধ্যেই লেকের কাজ শেষ করার। এখন পর্যন্ত প্রায় ৭০ ভাগেরও বেশি অংশের কাজ শেষ হয়েছে বলে জানান তিনি।
এসময় আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল আমিন, নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মো: নাজমুল হাসান, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী আজগর হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (অপারেশন) আবু বকর সিদ্দিক, নাসিক ৭নং ওয়ার্ড কাউন্সিলর মিজানুর রহমান রিপন ও প্রকল্পটির পরিচালক কামরুল হুদা বাবুসহ প্রমুখ।
উল্লেখ্য, ২০১৯ সালের ১১ ফেব্রুয়ারী ও ৩ মে দুই ধাপে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী প্রকল্পটির কাজের উদ্বোধন করেন। জাইকার অর্থায়নে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স উদয়ন বিল্ডার্স প্রকল্পটি বাস্তবায়ন করছে।


