কাঁচপুরে এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার
সোনারগাঁ প্রতিনিধি
প্রকাশ: ২৯ মার্চ ২০২২, ০৬:২৫ পিএম
সোনারগাঁ উপজেলার কাঁচপুর এলাকা থেকে জিহাদ (২৫) নামের এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে সোনারগাঁ থানা পুলিশ। গতকাল সোমবার সকালে কাঁচপুর বিসিক এলাকা থেকে যুবকের লাশটি উদ্ধার করা হয়। নিহত জিহাদ কাঁচপুর উত্তরপাড়া এলাকার সবজি বিক্রেতা নাহিদ মিয়ার ছেলে। এলাকাবাসী জানান, সোমবার ভোর ৪টার দিকে কাঁচপুর বিসিক এলাকায় জিহাদ নামের এক যুবকের রক্তাক্ত মৃতদেহ দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে জিহাদের মৃত দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠায়। নিহত জিহাদের মাথায়, হাতে-পায়ে ও শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এলাকাবাসীরা ধারণা করছে হয়তো মাদক, ডাকাতি বা ছিনতাইয়ের টাকা ভাগবাটোয়ারা নিয়ে সংঘর্ষের ঘটনায় জিহাদকে কুপিয়ে হত্যা করেছে তারই সহযোগিরা।
সোনারগাঁ থানার ওসি হাফিজুর রহমান জানান, কাঁচপুর এলাকা থেকে জিহাদ নামের এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে। নিহত জিহাদ এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। ধারনা করা হচ্ছে, নিজেদের মধ্যে টাকা পয়সার ভাগভাটোয়ারা অথবা লুন্ঠিত মালামাল নিয়ে এ হত্যাকান্ড ঘটেছে। তার বিরুদ্ধে মাদক, ছিনতাই, ডাকাতি ও হেফাজতসহ একাধিক মামলা রয়েছে। নিহতের স্বজনরা কোন মামলা বা অভিযোগ না করায় হত্যায় জড়িত কাউকে আটক ও গ্রেপ্তার করা হয়নি।


