গোলাকান্দাইলে লিলি কেমিক্যাল কারখানায় অগ্নিকাণ্ডে দগ্ধ-৮
রূপগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ৩০ মার্চ ২০২২, ০৬:৫০ পিএম
নারায়ণগঞ্জের রূপগঞ্জে লিলি কেমিক্যাল নামে এক ক্যামিকেল কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত ১১ টার দিকে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের বেরিবাদ এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ সময় ৮ জন শ্রমিক অগ্নিদগ্ধ হয়েছে। দগ্ধ শ্রমিকরা হলেন, বায়েজিদ, রোকন, খাদেমুল, সজিব, রিপন, মেহেদী, রাসেল ও আকালু।
তাদেরকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে শেখ হাসিনা বার্ন এন্ড জাতীয় প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও শ্রমিকরা জানান, লিলি কেমিক্যাল নামে এক কারখানায় হঠাৎ করে আগুন ধরে যায়। এসময় শ্রমিক আগুন জ¦লতে দেখে বের হতে থাকেন। কারখানায় অতিরিক্ত দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়াতে থাকে।
এসময় আগুনে ৮ শ্রমিক দগ্ধ হন। খবরপেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট আধা ঘন্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।ফায়ার সার্ভিসের নারায়ণগঞ্জের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, দুটি স্টেশনের ৩টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।
বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ক্ষয়ক্ষতি ও আগুনের সুত্রপাত তদন্তের পর বলা যাবে। এ ঘটনায় কয়েকজন দগ্ধ হয়েছেন তাদেরকে বার্ন ইউনিটে প্রেরণ করা হয়েছে।


