বন্দরের মদনপুরে বখাটেদের উৎপাতে আতঙ্কিত স্কুল-কলেজের মেয়েরা
বন্দর প্রতিনিধি
প্রকাশ: ৩০ মার্চ ২০২২, ০৭:১০ পিএম
বন্দর উপজেলার মদনপুরে নাজিমউদ্দিন ভূঁইয়া বিশ^বিদ্যালয় কলেজ, মদনপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয়, মদনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও এডুকেশন পার্ক কিন্ডার গার্টেন এন্ড হাই স্কুল এই সবগুলো শিক্ষা প্রতিষ্ঠানে হাজার হাজার শিক্ষার্থীরা লেখাপড়া করতে আসে। যেখানে মেয়েদের সংখ্যা বেশী ও ফলাফলেও তুলনামূলকভাবে মেয়েরা এগিয়ে।
যুগের সাথে তাল মিলিয়ে ও একবিংশ শতাব্দির চ্যালেঞ্জ মোকাবেলায় শিক্ষক-শিক্ষিকারা তাদেরকে সেভাবেই গড়ে তুলছেন। কিন্তু এই অগ্রযাত্রায় সাম্প্রতিককালে বাধ সেজেছে বখাটেদের উৎপাত ও ইভটিজারদের দোরাত্ম। কিছু মেয়েরা বখাটেদের উৎপাতের শিকার হলেও লোকলজ্জার ভয়ে অভিভাবকদের জানানো থেকে বিরত থাকে এবং আবার অনেক অভিভাবকরা জানলেও মেয়ের বিপদের কথা ভেবে প্রতিবাদ না করে নিরবে সয়ে যাচ্ছে এমন অভিযোগ আছে।
বিষয়টি নিয়ে স্কুল কলেজপড়ুয়া মেয়েরা আতংকিত রয়েছে এবং পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠিয়েও অভিভাবকরা মেয়েদের নিয়ে চিন্তিত থাকেন। স্থানীয় কয়েকজন অভিভাবক অভিযোগ করেন যে, শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সামনে মহাসড়ক ও নিকটেই রাস্তা রয়েছে। ফলে অবাধে ২০-৩০জন বখাটে যুবক মোটরসাইকেলে উচ্চ হরণ বাজিয়ে নিয়মিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সামনে দিয়ে প্রদক্ষিণ করে থাকে।
স্কুলে আসা ও ছুটির সময় বখাটেরা মোটর সাইকেল নিয়ে অবস্থান নেয় এবং ছাত্রীদের পিছু পিছু হরণ দিয়ে তাদেরকে উদ্দেশ্য করে আজেবাজে মন্তব্য করে থাকে। তাছাড়া মোটর সাইকেলের উচ্চ হরণ ও দ্রুত গতির কারণে কোমলমতি মেয়েরা আতংকিত হয়ে পড়ে এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও পাঠদান ব্যাহত হয়।
বখাটেরা থ্রী কোয়ার্টার প্যান্ট, ডিজাইন করা ছিড়া প্যান্ট ও বিদেশী সংস্কৃতিতে আসক্ত হয়ে নানারকম বিশৃঙ্খল চুলের কাটিং করে এলাকায় ঘুরাফেরা করে এবং বিভিন্ন রাস্তার সাইডে ও ভবনের কোনায় তারা অবস্থান নিয়ে থাকে। এদের মধ্যে বেশ কয়েকজন নেশাজাতীয় দ্রব্য ও সিগারেট সেবন করে থাকে। তাদের দেখে যুবসমাজ নষ্ট হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।
মেয়েদের নিরাপত্তার স্বার্থে ও সামাজিক সুরক্ষার্থে বখাটেদের হাত থেকে পরিত্রান চায় অভিভাবকমহল। এ বিষয়ে বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) দীপক চন্দ্র সাহা জানান, অভিযোগ পেয়েছি। সে অনুযায়ী নিয়মিত উক্ত এলাকায় পুলিশ অভিযান চালাচ্ছে। এ অভিযান অব্যাহত থাকবে। বখাটেদের আটক করে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


