Logo
Logo
×

নগরের বাইরে

অচল সানাউল্লাহর আয়ের পথ ভিক্ষে

Icon

রূপগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ৩০ মার্চ ২০২২, ০৭:১৩ পিএম

অচল সানাউল্লাহর আয়ের পথ ভিক্ষে
Swapno

প্রাচ্যের ড্যান্ডিখ্যাত বর্তমানে দেশের শীর্ষ ধনী জেলা নারায়ণগঞ্জের অন্যতম উপজেলা রূপগঞ্জ। এ অঞ্চলে ধনীদের পাশাপাশি রয়েছে অতি দরিদ্র আর অসহায় প্রতিবন্ধীরাও। রয়েছে সরকারী বেসরকারি ব্যবস্থায় সাহায্য সহযোগিতার ব্যবস্থা। তবুও উপজেলার দাউদপুর ইউনিয়নের দূয়ারা গ্রামের সানাউল্লাহ ভিক্ষে করেই জীবিকা নির্বাহ করেন।

 

তার অভিযোগ, নির্বাচিত জনপ্রতিনিধিকে ভোট না দেয়ায় সহযোগিতা থেকে বঞ্চিত রেখেছেন তাকে। উপজেলার বিভিন্ন সড়কের পাশে কিংবা জনবহুল স্থানে ভিক্ষে করতে দেখা যায়, সানাউল্লাহকে (৩০)। তার দুটি পা ও একটি হাত অচল। তার বর্ণনানুযায়ী তার পিতার নাম আরমান, গ্রাম দুয়ারা। (২৯ মার্চ) সকালে ভক্তবাড়ি এলাকায় সানাউল্লাহ স্থানীয় গাড়ীর যাত্রী ও বাজার করতে আসা লোকজনের কাছ থেকে ভিক্ষা করছিলেন।

 

এ সময় কথা হয় এই প্রতিবেদকের সাথে। সানাউল্লাহ বলেন, মায়ের কাছে শুনেছি, জন্মের ৬ মাস পর টাইফয়েড জ্বর হয়েছিলো । সে থেকে দুটি পা অচল। একটি হাত বাঁকা হয়ে যায়। তাই হাটাচলা করতে পারি না । হাতে ভর দিয়ে চলতে হয়। বাবার জমি ভিটেনাই। তাই ছোট থেকেই মানুষের সহযোগীতা নিয়ে বড় হয়েছি। তবে ভিক্ষা করতে ভালো লাগেনা ।

 

তাই বিগত দিনে চা পানের দোকান, ঝাল মুড়ির দোকান দিয়েছিলাম। বিয়ে করেছি। বউটাও মানষিক প্রতিবন্ধী। সন্তানাদি হয়নি। আমি প্রতিবন্ধী বলে ব্যবসায় মানুষের সারা পাইনি। তাই জীবন বাঁচাতে পুনরায় ভিক্ষায় নেমেছি। এতে সারাদিনে ৩শ থেকে ৫শ টাকা পাই। তাতেই চলে সংসার। তিনি আরো বলেন, দাউদপুরে ইউপি নির্বাচনে যারা জয়ী হয়েছেন তাদের ভোট দেইনি এমন অভিযোগ করেছেন জয়ীরা।

 

তাই তাদের কাছে গেলে তেমন সহযোগীতা পাইনা। তবে সাবেক চেয়ারম্যান শরীফুল ইসলাম টুটুল একটি প্রতিবন্ধী ভাতা কার্ড করে দিয়েছিলেন। সে থেকে মাসে ২২ শত টাকা উপজেলা থেকে পাই । তাছাড়া কোন সহযোগিতা মেলে না তার কপালে। এসব বিষয়ে জানতে চাইলে বেলদী এলাকার বাসিন্দা আসাদুজ্জামান রিফাত বলেন, সানাউল্লাহকে স্থানীয়রা বহুবার সহযোগিতা করেছে,তবে তা পর্যাপ্ত না।

 

আমিও ব্যক্তিগতভাবে সহযোগিতা করেছি,আবারও তাকে সহযোগিতা করবো। দাউদপুর ইউপি সদস্য হাসিবুর রহমান হাসিব বলেন, তাকে সরাসরি না দিলেও ইউনিয়ন পরিষদ থেকে তার স্ত্রী ও মাকে সহযোগীতা করা হয়। তারা অত্যন্ত গরীব। তবে ভোট দেয়নি দেখে তাকে সহযোগিতা করা হয়না, তা সঠিক নয়। বরং সে সহযোগিতা নিতে আসেনা।

 

এ বিষয়ে জানতে চাইলে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ নুসরাত জাহান বলেন, অসহায় সানাউল্লাহ বিষয়ে জানলাম। তাকে সরকারীভাবে প্রতিবন্ধী ভাতা দেয়া হচ্ছে। আরো কোন সহযোগিতার প্রয়োজন হলে শীঘ্রই তার ব্যবস্থা করা হবে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন