আড়াইহাজারে ড্রেজার বাল্কহেডসহ আটক ৪
আড়াইহাজার প্রতিনিধি
প্রকাশ: ৩১ মার্চ ২০২২, ০৭:৫১ পিএম
আড়াইহাজারে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ৪ জনকে আটক করা হয়েছে। বুধবার (৩০ মার্চ) সকালে ড্রেজার ও বাল্কহেড জব্দ দেখিয়ে খাগকান্দা নৌ ফাঁড়ি ইনচার্জ গোলাম মোরশেদ তালুকদার বাদী হয়ে আড়াইহাজার থানায় মামলা করেছেন।
বিকেলে গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে মেঘনা নদীর উপজেলার বিশনন্দী ফেরিঘাট এলাকা থেকে খাগকান্দা নৌ ফাঁড়ি পুলিশ তাদেরকে আটক করে।
এসময় মায়ের দোয়া নামে একটি লোডিং ড্রেজার ও জাবেলা নুর নামে একটি বাল্কহেড জব্দ করে পুলিশ। আটককৃতরা হলো- ভোলা জেলার মাসুদ হাওলাদার, রফিক হাওলাদার, জাকির হোসেন ও উপজেলার কালাপাহাড়িয়া এলাকা রফিক হাওলাদার।
খাগকান্দা নৌ ফাঁড়ির ইনচার্জ গোলাম মোরশেদ তালুকদার জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। এ অবৈধ বালু উত্তোলনের সাথে কারা কারা জড়িত তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


