ফতুল্লায় আলমগীর হত্যা মামলার দুই আসামী গ্রেফতার
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ০১ এপ্রিল ২০২২, ০৭:১১ পিএম
ফতুল্লার বক্তাবলীতে আলমগীর হোসেন নামে এক ইট ভাটা শ্রমিককে প্রকাশ্যে পিটিয়ে ও ছুরিকাঘাত করে নৃশংস হত্যার ঘটনার মামলার প্রধান দুই আসামীকে গ্রেফতার করেছে র্যাব-১১।
শুক্রবার (১ এপ্রিল) সকালে রাজধানীর শান্তিনগর এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন- ওমর ফারুক ও আব্দুল আলী। তাদের মালিকানাধীন ইট ভাটাতেই নিহত আলমগীর লোড আনলোডের কাজ করতেন।
(১ এপ্রিল) দুপুরে সিদ্ধিরগঞ্জে র্যাব-১১ সদর দফতরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অধিনায়ক লে. কর্ণেল তানভীর মাহমুদ পাশা সংবাদ সম্মেলনে তিনি জানান, পূর্ব শত্রুতার জের ধরে গত ২১ মার্চ সদর উপজেলার ফতুল্লা থানার বক্তাবলী ইউনিয়নের লক্ষ্মীনগর এলাকায় আলমগীর হোসেনকে হত্যার উদ্দেশ্যে প্রকাশ্যে পিটিয়ে ও ছুরিকাঘাতে আহত করা হয়।
পরে গুরুত্বর অবস্থায় তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আলমগীর মারা যান। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদি হয়ে ফতুল্লা মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।
তবে এই হত্যাকাণ্ডের ভিডিওচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে পুলিশের পাশাপাশি তদন্ত শুরু করে র্যাব। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে আসামীদের অবস্থান নিশ্চিত হয়ে র্যাব-১১ রাজধানীর শান্তিনগরে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করে।


