বন্দরে সাবেক ইউপি মেম্বারের নেতৃত্বে হামলা, ভাংচুর
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ০২ এপ্রিল ২০২২, ০৭:০১ পিএম
বন্দরের মুসাপুর ইউনিয়নের ফুনকূল এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ফুনকূল এলাকার আনোয়ার মিয়ার বাড়িতে এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে। ঘটনার রাতেই ৮ জনের নাম উল্লেখসহ আরও ১০/১২ জনকে অজ্ঞাতনামা করে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন আনোয়ার হোসেন।
অভিযুক্তরা হলো, দাসেরগাঁও এলাকার আশরাফ উদ্দিন, নুর উদ্দিন দেওয়ান এর ছেলে আরিফুল ইসলাম অপু, মনির মিয়ার ছেলে পলাশ ও সুমন, সিরাজুল ইসলাম সেরু মিয়ার ছেলে সোহেল, নুরু মিয়ার ছেলে মাসুদ রানা কচি, আক্তার হোসেনের ছেলে জুনায়েত, আশরাফ দেওয়ার এর ছেলে মাহাবুব আলম জিকু।
এই বিষয়ে আনোয়ার হোসেন জানান, মুছাপুর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের নির্বাচনে হেরে যাওয়ায় সাবেক মেম্বার মান্নাত ও তার সন্ত্রাসী বাহিনী ফনকূলবাসীর উপর একের পর এক হামলা চালাচ্ছে। ফনকুলবাসীদের দাসেরগাঁও এলাকা দিয়ে চলাচল করতে হওয়ায় এবং বিকল্প কোন রাস্তা না থাকায় আমরা তাদের কাছে জিম্মি।
গতকাল সন্ধ্যায় প্রায় ৪০/৫০ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে ফনকুল স্কুলের সামনে এসেই আমাকেসহ আমার ছেলেকে দাওয়া করে। এরপর আমাদের বাড়িতে প্রবেশ করে বাড়িঘরে ব্যাপক হামলা, ভাংচুর ও লুটপাত চালায়। এসময় ঘরের একটি বেড়া ভেঙ্গে ফেলে।
এ সময় তারা ঘরে থাকা নগদ তিন লাখ ২৫ হাজার টাকা ও সাত থেকে আট ভরি ওজনের স্বর্ণালংকার লুটপাট করে নিয়ে গেছে বলে জানান তিনি। এ ধরণের একটি অভিযোগের করা হয়েছে বলে স্বীকার করেছেন বন্দর থানার অফিসার্স ইনচার্জ দীপক চন্দ্র সাহা।


