বক্তাবলীর আলমগীর হত্যাকাণ্ডে জড়িত আরো এক আসামি গ্রেফতার
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ০৬ এপ্রিল ২০২২, ০৫:২৩ পিএম
ফতুল্লায় বক্তাবলী ইউনিয়নে আলোচিত আলমগীর হত্যাকান্ডে আরও একজন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। মঙ্গলবার (৫ এপ্রিল) মুন্সিগঞ্জ সিরাজদীখান থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার নাম সিদ্দিক (৪৫)। এর আগে নিহত আলমগীরের স্ত্রী বাদী হয়ে ফতুল্লা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
সেই মামলার ভিত্তিতে গত ১ এপ্রিল প্রধান দুই আসামীকে গ্রেপ্তার করে র্যাব। তারা হলেন ওমর ফারুক (৪৬) ও হাজী আব্দুল আলী (৬০)। র্যাব-১১ উপ-পরিচালক স্কোয়াড্রন লিডার এ কে এম মুনিরুল আলম এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, বক্তাবলী ইউনিয়নে প্রকাশ্য দিবালোকে নৃশংস ভাবে আলমগীর হোসেন হত্যাকান্ডের ঘটনা ঘটে। পরে ভিকটিমের স্ত্রী বাদী হয়ে ফতুল্লা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
হত্যাকান্ডের ভিডিও চিত্র মুহুর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। তাছাড়া এই ঘটনা স্থানীয় ও জাতীয় বিভিন্ন গণমাধ্যমে সংবাদ আকারে প্রকাশিত হয় ও ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। মামলার এজাহার সূত্রের বরাত দিয়ে তিনি জানায়, নিহত আলমগীর হোসেন (৩৪) পূর্বে গ্রেপ্তারকৃত আসামী হাজী আব্দুল আলীর তিশা ব্রিক ফিল্ড ও ওমর ফারুক এর মারুফা ব্রিক ফিল্ডে লোড আনলোডের কাজ করত।
পূর্ব শত্রুতার জের ধরে গত ২১ মার্চ আসামী সিদ্দিকসহ আরও ৩০/৩৫ জন নিহত আলমগীরকে লোহার রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে হাত-পা-দাঁত ভেঙ্গে দেয় ও ধারালো চাকু দ্বারা আঘাত করে শরীরের বিভিন্ন স্থানে জখম করে।
পরবর্তীতে আশংকাজনক অবস্থায় পুলিশ কর্তৃক ভিকটিমকে উদ্ধার করে ভিক্টোরিয়া হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলে। পরবর্তীতে ভিকটিমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করলে ভিকটিম সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। গ্রেপ্তারকৃত আসামীকে ফতুল্লা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।


