ডাইংয়ের বিষাক্ত পানি মাড়িয়ে স্কুলে শিক্ষার্থীরা
ফতুল্লা প্রতিনিধি
প্রকাশ: ০৬ এপ্রিল ২০২২, ০৫:২৭ পিএম
ফতুল্লা এলাকায় অবস্থিত ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনের পুরো সড়কটিতেই বিষাক্ত পানি জমে রয়েছে। ময়লা বিষাক্ত এই পানির ভেতর দিয়েই স্কুলে প্রবেশ করতে হচ্ছে কোমলমতি ছাত্রছাত্রীদের। মঙ্গলবার (৫ এপ্রিল) ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে এ দৃশ্য দেখা গেছে।
বিদ্যালয়ের প্রধান ফটকে ময়লা আবর্জনা ও পানিতে ডুবে আছে। ফতুল্লা নারায়ণগঞ্জের অন্যতম শিল্প এলাকা। এই পুরো এলাকাজুড়ে রয়েছে অসংখ্য ছোটবড় কারখানা।
ড্রেন কোন কারনে বন্ধ হয়ে গেলে প্রায়ই এসকল কারখানার বিষাক্ত বর্জ্য ড্রেন থেকে উঠে আসে। এতে প্রায়ই সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়। স্থানীয়রা জানান দীর্ঘদিন যাবৎ এখানে এভাবে ডাইংয়ের পানি জমছে। তবে এ ব্যাপারে স্থানীয় জনপ্রতিনিধিরা কোন কার্যকরি উদ্যোগ নিতে পারেনি। বিশেষজ্ঞদের মতে, এসকল বিষাক্ত পানি গায়ে লাগলে তা ভয়ানক চর্মরোগসহ অন্যান্য রোগের কারণ হয়ে দাঁড়াতে পারে।


