Logo
Logo
×

নগরের বাইরে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট চরম ভোগান্তির শিকার যাত্রীরা

Icon

সোনারগাঁ প্রতিনিধি

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২২, ০৪:৩৮ পিএম

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট চরম ভোগান্তির শিকার যাত্রীরা
Swapno

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লাঙ্গলবন্দে ব্রম্মপুত্র নদে হিন্দু সম্প্রদায়ের দুই দিন ব্যাপী শুরু হওয়া অষ্টমী স্নানোৎসবের কারণে মহাসড়কে প্রায় ১৯ কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে মহাসড়কে চলাচলরত চালক এবং যাত্রীরা।

 

গতকাল শনিবার সকাল ১০ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এমন চিত্র দেখা যায়। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের মৌচাক থেকে শুরু করে মেঘনা টোলপ্লাজা পর্যন্ত তীব্র যানজটের কারনে অনেকে তার নির্দিষ্ট গন্তব্যস্থলে যেতে না পেরে বাড়ি ফিরে গেছেন।

 

এছাড়া দেশের বিভিন্নস্থান থেকে অষ্টমী স্নানোৎসবে আসা অনেক যাত্রীদেরকে বাসের জন্য দীর্ঘক্ষণ দাড়িয়ে থাকতে দেখা গেছে। যাত্রী ভোগান্তির পাশাপাশি অনেক যানবাহন চালক আবার অতিরিক্ত ভাড়া আদায় করার প্রতিযোগিতায় নেমেছেন। 


মহাসড়কে চলাচলরত যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, মদনপুর থেকে সায়েদাবাদের ভাড়া ৩৫ টাকার পরিবর্তে ৫০ থেকে ৬০ টাকা করে আদায় করছে অসাধু কিছু যান চালক। এছাড়া চিটাগাংরোড থেকে মোগরাপাড়ার ভাড়া ২৫ টাকার পরিবর্তে ৪০ টাকা করে নিচ্ছে।

 

যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করার কারন জানতে নানা রকম অযুহাত দেখাচ্ছেন পরিবহন চালকরা। চালকরা জানান, তীব্র যানজটের কারণে তাদের গাড়ি সময়মতো গন্তব্যস্থলে পৌঁছাতে পাড়ছেনা।  যার ফলে তারা কিছু বেশি ভাড়া নিতে বাধ্য হচ্ছেন। কবির হোসেন নামে এক যাত্রী জানান, শিমরাইল মোড় থেকে সোনারগাঁয়ের মোগরাপাড়া চৌরাস্তার উদ্দেশ্যে তিনি সকাল ৯ টায় রওনা হয়েছেন।

 

দেড় ঘন্টায় তিনি মাত্র মদনপুর পর্যন্ত আসতে পেরেছেন। যেখানে তার শিমরাইল মোড় থেকে মদনপুরে মাত্র ২০ মিনিটে পৌঁছে যাওয়ার কথা ছিল। আক্তার হোসেন নামের এক যাত্রী জানান, ঢাকা অফিস করার উদ্দেশ্যে বের হয়ে তীব্র যানজটের কারনে বাসায় ফিরে যেতে বাধ্য হয়েছেন।


তিশা পরিবহনের চালক রফিক মিয়া জানান, লাঙ্গলবন্দের স্নানের কারনে সড়কে বাড়তি গাড়ির চাপ যার ফলে যানজটে আটকা পড়েছেন তিনি। মেঘনা টোল প্লাজা থেকে তিনি দুই ঘন্টায় কেওঢালা পাড় হয়েছেন।

 

মোক্তার হোসেন নামে এক ব্যাংক কর্মকর্তা জানান, সকাল সাড়ে ৭ টার দিকে তিনি ঢাকার উদ্দেশ্য মোগরাপাড়া থেকে রওনা হয়েছেন। কেওঢালাই সাড়ে ১০ টা বেজে গেছে। তিনি বাধ্য হয়ে তীব্র যানজটের ফলে তাকে উল্টোপথে রিকশাযোগে ভেঙ্গে ভেঙ্গে যেতে হচ্ছে। সেজন্য তার বাড়তি ভাড়া গুনতে হচ্ছে।


কাঁচপুর হাইওয়ে থানার ওসি মোহাম্মদ সাজ্জাদ করিম খান জানান, শুক্রবার রাত থেকে শুরু হওয়া দুই দিনের স্নানোৎসব কারণে হাজার হাজার হিন্দু ধর্মাবলম্বী মানুষ লাঙ্গলবন্দে সমাবেত হয়েছেন। যার ফলে মহাসড়কে গাড়ির চাপ বেশি। সকাল থেকেই তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। যানজট নিরসনে তাদের পুলিশের একাধিক টিম মহাসড়কে কাজ করে যাচ্ছে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন