সংস্কারের অভাবে হারিয়ে যেতে বসেছে পাগলা উচ্চ বিদ্যালয় খেলার মাঠ
সাদ্দাম হোসেন শুভ
প্রকাশ: ০৯ এপ্রিল ২০২২, ০৪:৪৪ পিএম
জাতীয় ক্রীড়াবিদ থেকে শুরু করে রাজনৈতিক নেতা ও স্থানীয় জনপ্রতিনিধিরা বিভিন্ন অনুষ্ঠানে তাদের বক্তব্যের মাধ্যমে সকলকে খেলাধুলার প্রতি উৎসাহিত করার কথা বললেও তাদের বাস্তব চিত্র যেন একেবারেই উল্টো। নেতা, ক্রীড়াবিদ ও জনপ্রতিনিধিদের বিভিন্ন মিথ্যা আশার বাণীগুলো যেন সমাবেশ মঞ্চেই সীমাবদ্ধ।
বাস্তবে যদি এমনটাই না হতো তাহলে কেন পাগলা উচ্চ বিদ্যালয় খেলার মাঠ দীর্ঘদিন যাবত সংস্কারের অভাবে হারিয়ে যেতে বসেছে? এমনই প্রশ্ন নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নবাসীর। শুধু তা-ই নয়, দীর্ঘদিন যাবত এ বিদ্যালয়ের খেলার মাঠ নিয়ে বিভিন্ন প্রিন্ট ও অনলাইন মিডিয়ায় সংবাদ প্রকাশিত হওয়ার পরেও স্থানীয় জনপ্রতিনিধি চেয়ারম্যান,
মেম্বার ও বিদ্যালয় কতৃপক্ষের টনক নড়ছে না বলেও অভিযোগ স্থানীয়দের। যুবসমাজকে মাদক থেকে বিরত রাখতে অতিদ্রুত খেলার মাঠ সংস্কারের মাধ্যমে খেলাধুলার উপযোগী করা খুবই প্রয়োজন। সরেজমিন গিয়ে জানা যায়, পাগলা নন্দলালপুর রেললাইন সংলগ্ন পশ্চিম নয়ামাটি এলাকার ৬ নং ওয়ার্ডে অবস্থিত পাগলা উচ্চ বিদ্যালয় খেলার মাঠ। সংরক্ষণ ও সংস্কারে অভাবে মাঠের আশপাশের বাসা বাড়ির ব্যবহৃত ময়লায় ও পানিতে তলিয়ে থাকে বছরের পর বছর।
যার ফলে স্থানীয় অনেকেই ভুলতে বসেছেন খেলার মাঠের কথা। দীর্ঘ সময় অতিবাহিত মাঠে খেলাধুলার অনুপযোগী থাকায় এলাকার অনেক তরুণরাই ভুলে গেছেন এই খেলার মাঠের কথা। নয়ামাটি এলাকার একজন স্থানীয় বাসিন্দা জানান, অল্প কিছু বালু দিয়ে মাঠটি বরাট করার উদ্যোগ নিলেই মাঠে আবারও খেলাধুলা করা সম্ভব।
আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মনিরুল আলম সেন্টু ও ৬ নং ওয়ার্ডের মেম্বার হাজী রোকন উদ্দিন রোকন চাইলে একসপ্তাহের মধ্যে সংস্কার করা সম্ভব হবে। কিন্তু দুঃখের বিষয় কেউ এই মাঠ নিয়ে মাথা ঘামাতে রাজী না।
তাদের অবহেলায় আজ আমাদের স্কুল, কলেজপড়ুয়া ছেলে মেয়েরা খেলাধুলা না করতে পেড়ে মাদকে দ্রাবিত হচ্ছে। এ বিষয়ে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব একেএম শামীম ওসমান ও চেয়ারম্যান, মেম্বারদের হস্তক্ষেপ কামনা করেন অত্র এলাকার সচেতন মহল।


