রূপগঞ্জে কাঞ্চন (৪০) নামে এক রাখালের গলা কেটে হত্যা করেছে দৃর্বৃত্তরা। রোববার (১০ এপ্রিল) উপজেলার তারাব পৌরসভার বরপা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত কাঞ্চন স্থানীয় শফিকুল ইসলাম আপেল নামে এক ব্যাক্তির মেসার্স ভূইয়া এগ্রো এন্ড ডেইরি ফার্মে রাখালের কাজ করতেন।
বাড়ি ময়মনসিংহের গৌরীপুরে। বাবার নাম আব্দুল মান্নান। রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সবুজ মিয়া জানান, সকালে তারাব পৌরসভার বরপা এলাকায় গলাকাটা এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে প্রাথমিক সুরতহাল সম্পন্ন করে।
শনিবার (৯ এপ্রিল) রাতের কোন এক সময় দুর্বৃত্তরা তাকে গলা কেটে করে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, উদ্ধার হওয়া মরদেহের পরিচয় পাওয়া গেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


